সিলেটে ‘বিদ্রোহী’ প্রার্থীর পক্ষে কাজ করায় ৬ নেতা বহিষ্কার

সংগৃহীত ছবি
সিলেট-৫ (জকিগঞ্জ ও কানাইঘাট) আসনে দলের সিদ্ধান্ত অমান্য করে ‘বিদ্রোহী’ প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতিসহ ছয় নেতাকে বহিষ্কার করা হয়েছে। গতকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়। এর ফলে দেড় সপ্তাহের ব্যবধানে ওই আসনে বহিষ্কৃত নেতার সংখ্যা দাঁড়াল ১৫ জনে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে সিলেট জেলা বিএনপির সভাপতি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার সব আসনের সমন্বয়ক আবদুল কাইয়ুম চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করার কারণেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
জেলা বিএনপির পাঠানো চিঠিতে জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানকে সাময়িক বহিষ্কারের কথা জানানো হয়। একই সঙ্গে কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ করা হবে না, সে বিষয়ে ২৪ ঘণ্টার মধ্যে জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
একই বিজ্ঞপ্তিতে বহিষ্কার হওয়া অন্য পাঁচ নেতা হলেন, জকিগঞ্জ পৌর বিএনপির সহসভাপতি শামীম আহমদ, সদস্য আবদুস শাকুর, মুসা মো. এহিয়া ও আবদুস সালাম এবং পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুল মালিক।
স্থানীয় নেতারা জানান, সিলেট-৫ আসনে বিএনপি সরাসরি দলীয় প্রার্থী দেয়নি। এখানে জোটগত সিদ্ধান্তে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি উবায়দুল্লাহ ফারুককে সমর্থন দেওয়া হয়েছে। তবে এই সিদ্ধান্তের বিরোধিতা করে জেলা বিএনপির সহসভাপতি মামুনুর রশীদ স্বতন্ত্র প্রার্থী হলে দল তাকেও বহিষ্কার করে। এরপর থেকেই তার পক্ষে কাজ করার অভিযোগে একের পর এক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

