বিয়েবহির্ভূত সম্পর্ক সন্দেহে স্ত্রীকে হত্যার অভিযোগ

সংগৃহীত ছবি
জয়পুরহাটের কালাই উপজেলায় বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। পারিবারিক কলহ ও বিয়েবহির্ভূত সম্পর্ক সন্দেহে স্বামী তাকে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার জিন্দারপুর ইউনিয়নের এলতা উত্তরপাড়া গ্রামে শনিবার (২৮ ফেব্রুয়ারি) গভীর রাতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে নিহতের স্বামী আব্দুল বাকি পলাতক।
নিহত নারী হলেন ৩০ বছরের খালেদা বিবি। ওই গ্রামের আব্দুল খালেকের মেয়ে তিনি।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, স্বামী-স্ত্রীর মধ্যে অনেক দিন ধরেই চলছিল কলহ। বিয়েবহির্ভূত সম্পর্ক নিয়ে স্ত্রীর প্রতি ছিল আব্দুল বাকির সন্দেহ। এর জেরে কথাকাটাকাটির সময় গত শনিবার বিকালে স্ত্রীর স্বর্ণের চেইন ও মোবাইল ফোন কেড়ে নেন তিনি। স্থানীয় সালিশি বৈঠকে সেগুলো আবার ফিরিয়েও দেন।
রাতে সাহরির সময় বাড়িতে থাকা দুই মৌসুমি শ্রমিক আব্দুল বাকিকে ডাকতে গেলে তিনি তড়িঘড়ি করে বের হয়ে চলে যান। ঘরে ঢুকে শ্রমিকরা বিছানায় খালেদা বিবির গলায় ওড়না পেঁচানো মরদেহ দেখে পুলিশে খবর দেন।
কালাই থানার পরিদর্শক (তদন্ত) দীপেন্দ্র নাথ সিংহের ধারণা, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি।

