নিউমোনিয়ায় হাসপাতালে, পরে হাম উপসর্গে থামল শিশুর প্রাণ

হবিগঞ্জের নবীগঞ্জে ঠান্ডাজনিত জ্বর ও নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পর হামের উপসর্গ নিয়ে রায়হান নামে আট মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গত সোমবার সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত রায়হান নবীগঞ্জ উপজেলার কানাইপুর গ্রামের শাহিনুর রহমানের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, ঠান্ডা ও জ্বরে আক্রান্ত হলে ১৮ এপ্রিল তাকে নেওয়া হয় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে । চিকিৎসক ভর্তি দিলেও পরে উন্নত চিকিৎসার আশায় তাকে একটি বেসরকারি চিকিৎসকের কাছে নেওয়া হয়। পরীক্ষায় নিউমোনিয়া শনাক্ত হলে কয়েকদিন চিকিৎসা চলে। অবস্থার অবনতি হলে তাকে নেওয়া হয় সিলেটে।
নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুস সামাদ উল্লেখ করেন, সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা গেছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শিশুটির মৃত্যু হয়েছে। প্রথমে তার নিউমোনিয়া ছিল এবং পরে হামের উপসর্গ দেখা দেয়।
চিকিৎসকদের ভাষ্য, হাম পরীক্ষার জন্য শিশুটির নমুনা পরীক্ষাগারে পাঠানো হয়েছে। তবে রিপোর্ট আসার আগেই তার মৃত্যু হয়। আগে থেকেই সে আক্রান্ত ছিল নাকি হাসপাতালে গিয়ে সংক্রমিত হয়েছে, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল থেকে এ পর্যন্ত ২৭৫ জনের নমুনা পরীক্ষাগারে পাঠানো হয়েছে। এর মধ্যে ১৩ জনের হাম শনাক্ত হয়েছে। জেলায় হামের উপসর্গ নিয়ে এটিই প্রথম মৃত্যুর ঘটনা।
জেলা সিভিল সার্জন ডা. রত্নদ্বীপ দাশ অভিভাবকদের শিশুদের হাম-রুবেলার টিকা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, জেলায় এখন পর্যন্ত ৩ লাখ ২১ হাজার শিশুকে টিকা দেওয়া হয়েছে। আরও ১০ দিন টিকাদান কার্যক্রম চলবে।



