সাগরে জলদস্যুদের গুলিতে আহত দুই জেলে

সংগৃহীত ছবি
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে জলদস্যুদের হামলায় গুলিবিদ্ধ দুই জেলে। শনিবার দিবাগত রাত ৪টার দিকে বঙ্গোপসাগরের সুন্দরবনসংলগ্ন নারিকেলবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন বরগুনার পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের বড় টেংরা গ্রামের বাসিন্দা নুর আলম খান (৪০) ও একই ইউনিয়নের বাদুরতলা গ্রামের বাসিন্দা শাহজাহান মিয়া।
সংশ্লিষ্টরা জানান, গুলিবিদ্ধ দুজন এফবি জাহিদ নামের মাছ ধরার ট্রলারে সাগরে গিয়েছিলেন। ট্রলারটির আরো ১২ জন জেলে সেখানে মাছ ধরছিলেন।
‘শনিবার দিবাগত রাত ৪টার দিকে বঙ্গোপসাগরের নারিকেলবাড়িয়া এলাকায় জাল টানার সময় হঠাৎ একটি ট্রলার আসে। এরপর কোনো কিছু বোঝার আগেই তাদের লক্ষ্য করে গুলি ছোড়া শুরু করে। এ সময় এফবি জাহিদের জেলেরা দিকবিদিক ছোটাছুটি করতে থাকে। একপর্যায়ে দুই জেলে গুলিবিদ্ধ হন’, বললেন এফবি জাহিদের মাঝি ফারুক।
‘দস্যুদের ছোড়া গুলিতে নুর আলম খানের পিঠে ও শাহজাহান মিয়ার বাম চোখের নিচে গুলি লাগে। রবিবার রাত ১১টার দিকে পটুয়াখালীর কলাপাড়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের বরগুনার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়’, যোগ করেন তিনি।
জলদস্যুদের গুলিতে দুই জেলের আহত হওয়ার ঘটনাটি নিশ্চিত করেছেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী। ‘তবে কোন জলদস্যু বাহিনী এ ঘটনায় জড়িত তা জানা যায়নি’ বলে উল্লেখ করেন এই নেতা। আহত দুই জেলেকে পটুয়াখালীর কলাপাড়ায় প্রাথমিক চিকিৎসা শেষে বরগুনার পাথরঘাটায় নেওয়া হয়েছে বলে জানান তিনি।
‘এই ঘটনা আমাদের কেউ জানায়নি। তবে খোঁজ নেওয়া হচ্ছে’ বলেছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আমির হোসেন।

