যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার ব্যাংক খোলা থাকবে

ছবিঃ আগামীর সময়
ঈদুল ফিতর উপলক্ষে আগামীকাল বুধবার (১৮ মার্চ) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছে সরকার। এর পরের দিন ১৯ মার্চ (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে ঈদের নির্ধারিত ছুটি। তবে সাধারণ ছুটির মধ্যেও পোশাকশিল্প সংশ্লিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, তৈরি পোশাক খাতে কর্মরত শ্রমিক ও কর্মকর্তাদের বেতন-বোনাস এবং অন্যান্য ভাতা পরিশোধ, পাশাপাশি রপ্তানি বিল বিক্রয়ের সুবিধার্থে ১৮ ও ১৯ মার্চ নির্দিষ্ট কিছু এলাকার ব্যাংক শাখাগুলো খোলা থাকবে। এ বিষয়ে গত ১০ মার্চ বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে নির্দেশনা জারি করা হয়।
নির্দেশনায় বলা হয়েছে, ঢাকা মহানগরীসহ আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তৈরি পোশাকশিল্প সংশ্লিষ্ট তফসিলি ব্যাংকের শাখাগুলো ছুটির দিন সীমিত পরিসরে কার্যক্রম চালাবে। এসব শাখায় নির্ধারিত সময় অনুযায়ী লেনদেন পরিচালিত হবে এবং পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে।
ছুটির দিন ব্যাংকের লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। আর অফিস খোলা থাকবে দুপুর ২টা পর্যন্ত। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।
এছাড়া ছুটির মধ্যেও দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের বিধি অনুযায়ী ভাতা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে ব্যাংকগুলোকে।

