উরি র্যাংকিংয়ে ৬৪ ধাপ এগোল উত্তরা ইউনিভার্সিটি

গ্রাফিক্স: উত্তরা ইউনিভার্সিটি
ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিং ফর ইনোভেশন (উরি) ২০২৬-এ ৬৪ ধাপ এগিয়েছে উত্তরা ইউনিভার্সিটি। এবারের তালিকায় বিশ্ববিদ্যালয়টি বিশ্বের শীর্ষ ৫০০ উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৯৩তম স্থান অর্জন করেছে।
২০২৫ সালে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ছিল ২৫৭তম। এক বছরের ব্যবধানে এই অগ্রগতির ফলে উত্তরা ইউনিভার্সিটি এখন বৈশ্বিক শীর্ষ ২০০ উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। ২০২৪ সালে প্রতিষ্ঠানটির অবস্থান ছিল ২৭৬তম, যা আন্তর্জাতিক স্বীকৃতি ও উদ্ভাবনী উৎকর্ষতায় বিশ্ববিদ্যালয়টির ধারাবাহিক অগ্রগতির প্রমাণ বহন করে।
এবারের র্যাংকিংয়ে ‘স্টুডেন্ট সাপোর্ট অ্যান্ড এনগেজমেন্ট’ ক্যাটাগরিতে উত্তরা ইউনিভার্সিটি বিশ্বে প্রথম স্থান অর্জন করেছে। এ অর্জনের মাধ্যমে শিক্ষার্থী সহায়তা ও অংশগ্রহণমূলক ব্যবস্থায় বিশ্ববিদ্যালয়টির অবস্থান আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ধারাবাহিক উন্নয়ন ও শিক্ষার্থীকেন্দ্রিক উদ্যোগের ফলেই এই অগ্রগতি সম্ভব হয়েছে।
উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা বলেছেন, ‘স্টুডেন্ট সাপোর্ট অ্যান্ড এনগেজমেন্ট’ ক্যাটাগরিতে বিশ্বসেরা হওয়া এবং এক বছরে ৬৪ ধাপ অগ্রগতি উত্তরা ইউনিভার্সিটি পরিবারের সম্মিলিত পরিশ্রম ও নিষ্ঠার ফল। শিক্ষার্থীদের কেন্দ্র করে গড়ে ওঠা রূপান্তরমূলক উদ্যোগই এই সাফল্যের ভিত্তি তৈরি করেছে। আমরা বরাবরই শিক্ষার্থীদের সব কার্যক্রম, সিদ্ধান্ত এবং প্রতিষ্ঠান পরিচালনার একেবারে কেন্দ্রবিন্দুতে রেখেছি। তাদের সামনে রেখেই একটা রূপান্তরমূলক উদ্ভাবনী প্রতিষ্ঠান হতে চেয়েছি এবং পেরেছি। আমি দৃঢ় বিশ্বাসের সঙ্গে বলতে পারি, এ ক্ষেত্রে আমাদের অবিচল অঙ্গীকারই মাত্র এক বছরে ৬৪ ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার সক্ষমতা দিয়েছে। শুধু বই-খাতায় নয়, বরং বাস্তব জীবনেও ইতিবাচক প্রভাব তৈরি করতে সক্ষম, এমন বিশ্বমানের প্রগতিশীল মানুষ তৈরিতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।
বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল র্যাংকিং সেল-আইআরসি জানায়, ২০২৫ সালের তুলনায় এবারের ফল প্রতিষ্ঠানটির ধারাবাহিক উন্নয়ন ও রূপান্তরমুখী অগ্রযাত্রার প্রতিফলন। এ অর্জন বাংলাদেশের উচ্চশিক্ষা অঙ্গনে উত্তরা ইউনিভার্সিটিকে একটি উদ্ভাবনী ও অগ্রগামী প্রতিষ্ঠান হিসেবে আরও প্রতিষ্ঠিত করেছে।



