আগামীর সময়

অনলাইনে সাড়ে ৪১ লাখেরও বেশি করদাতার রিটার্ন দাখিল

অনলাইনে সাড়ে ৪১ লাখেরও বেশি করদাতার রিটার্ন দাখিল

৪১ লাখ ৫০ হাজারেরও বেশি করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রবিবার (২৯ মার্চ) এনবিআর এ তথ্য জানিয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

‘জাতীয় রাজস্ব বোর্ড ২০২৫-২৬ করবর্ষের জন্য কিছু ব্যতিক্রম ছাড়া সব ব্যক্তি-শ্রেণির করদাতা কর্তৃক অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে। ইতোমধ্যে আয়কর রিটার্ন দাখিলের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের ই-রিটার্ন সিস্টেমে ৫০ লাখের বেশি ব্যক্তি-শ্রেণির করদাতা নিবন্ধন করেছেন এবং ৪১ লাখ ৫০ হাজারের বেশি করদাতা ২০২৫-২৬ করবর্ষের রিটার্ন অনলাইনে দাখিল করেছেন’— বিজ্ঞপ্তিতে বলেছে এনবিআর।

জাতীয় রাজস্ব বোর্ড জানিয়েছে, এ বছর ব্যক্তি-শ্রেণির করদাতাদের রিটার্ন দাখিলের সময়সীমা আগামী ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে ব্যক্তি করদাতা উল্লেখিত সময়ের আগে লিখিত আবেদন করলে সংশ্লিষ্ট কর কমিশনার রিটার্ন দাখিলের জন্য অতিরিক্ত ৯০ দিন পর্যন্ত সময় অনুমোদন করতে পারেন। রিটার্ন দাখিলের জন্য সময় বাড়ানোর আবেদন এবং অতিরিক্ত সময়ের অনুমোদনের কাজটি সহজ, দ্রুত, স্বচ্ছ ও স্বস্তিদায়ক করার লক্ষ্যে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য জাতীয় রাজস্ব বোর্ড অনলাইন সিস্টেম চালু করেছে। করদাতারা এখন সহজেই ই-রিটার্ন সিস্টেমে লগইন করে Time Extension মেন্যু ব্যবহারের মাধ্যমে অনলাইনে রিটার্ন দাখিলের জন্য সময় বাড়ানোর আবেদন করতে পারছেন।

গত কয়েকদিনে পাঁচ হাজারের অধিক করদাতা অনলাইনে রিটার্ন দাখিলের সময় বাড়ানোর আবেদন করেছেন এবং বেশিরভাগ করদাতাকে স্বল্পসময়ের মধ্যে অনলাইনেই সময়ের আবেদন মঞ্জুর করা হয়েছে।

অনলাইনে দাখিলকৃত আবেদনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর অঞ্চলের কর কমিশনার অনলাইনেই আবেদন অনুমোদন করছেন। সময় বৃদ্ধির আবেদন মঞ্জুর হলে বর্ধিত সময়ের মধ্যে করদাতা কোনো জরিমানা বা অতিরিক্ত কর প্রদান ছাড়াই অনলাইনে রিটার্ন দাখিল করতে পারছেন।

যারা এখনো রিটার্ন দাখিল করেননি, তারা বর্ধিত সময়ের মধ্যে জরিমানা ছাড়া রিটার্ন দাখিল করতে চাইলে তাদের অবশ্যই ৩১ মার্চ তারিখের আগে আবেদন করতে হবে। ই-রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন না থাকলে আবেদন দাখিলের আগে অবশ্যই নিজ নামের বায়োমেট্রিক সিম ব্যবহার করে ই-রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করতে হবে।

যেসব করদাতার জন্য অনলাইন রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক নয়, তারা অনলাইনে অথবা সরাসরি সংশ্লিষ্ট সার্কেলে লিখিতভাবে উভয় পদ্ধতিতেই সময় বাড়ানোর আবেদন করতে পারবেন। জরিমানা বা অতিরিক্ত কর প্রদান এড়াতে জাতীয় রাজস্ব বোর্ড সব ব্যক্তিকরদাতাকে ই-রিটার্ন সিস্টেম ব্যবহার করে ৩১ মার্চের মধ্যে রিটার্ন দাখিলের জন্য বিশেষভাবে অনুরোধ করছে। সূত্র : বাসস

    শেয়ার করুন: