মুনাফায় উল্লম্ফন, তবু ডিভিডেন্ড স্থির আইডিএলসির

ফাইল ছবি
দেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স পিএলসি-এর পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য তাদের শেয়ারহোল্ডারদের জন্য মোট ২০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ১৫ শতাংশ ক্যাশ এবং ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড রয়েছে। আগের বছরও কোম্পানিটি ১৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ দিয়েছিল স্টক ডিভিডেন্ড।
আজ মঙ্গলবার (২৪ মার্চ) এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরিচালনা পর্ষদের সভায়।
ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ১৪ মে ২০২৬ সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা আহ্বান করা হয়েছে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ এপ্রিল ২০২৬।
২০২৫ অর্থবছরে আইডিএলসি তাদের ব্যবসায়িক প্রবৃদ্ধিতে শক্তিশালী অবস্থান ধরে রেখেছে। গত বছরের তুলনায় কোম্পানির আয় ও সম্পদ মূল্যে উল্লেখযোগ্য উন্নতি দেখা গেছে। ২০২৪ সালে শেয়ার প্রতি আয় ছিল ৪ টাকা ৫৯ পয়সা। প্রায় ১ টাকা বেড়ে ২০২৫ সালে শেয়ার প্রতি আয় হয়েছে ৫ টাকা ৫৮ পয়সা। ২০২৪ সালে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ছিল ৪৭ টাকা ৮২ পয়সা। ২০২৫ সালে বেড়ে দাঁড়িয়েছে ৪৯ টাকা ৯৬ পয়সা।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে যে, ঘোষিত ৮৭২ কোটি ৯৬ লাখ টাকার বেশি ডিভিডেন্ড সম্পূর্ণভাবে রিটেইনড আর্নিংস (জমাকৃত মুনাফা) থেকে প্রদান করা হবে। বর্তমানে কোম্পানির হাতে ৪ হাজার ৬০৩ কোটি টাকারও বেশি উদ্বৃত্ত মুনাফা রয়েছে, যা ডিভিডেন্ড বিতরণের পরও শক্তিশালী মূলধন ভিত্তি নিশ্চিত করে।
আইডিএলসি কর্তৃপক্ষ জানিয়েছে, ৫ শতাংশ বোনাস শেয়ার বা স্টক ডিভিডেন্ড দেওয়ার মূল উদ্দেশ্য হলো কোম্পানির পরিশোধিত মূলধন বৃদ্ধি করা। এই বাড়তি মূলধন ভবিষ্যতে প্রতিষ্ঠানের পোর্টফোলিও সম্প্রসারণ এবং নতুন বিনিয়োগের সুযোগ তৈরিতে বড় ভূমিকা রাখবে। কোম্পানিটি নিশ্চিত করেছে যে, কোনো প্রকার শেয়ার প্রিমিয়াম বা অবাস্তবায়িত মুনাফা থেকে প্রদান করা হচ্ছে না এই ডিভিডেন্ড।
বাজার বিশ্লেষকদের মতে, আইডিএলসি-এর ইদানিংকালের এনওসিএফপিএস এবং ইপিএস-এর এই ইতিবাচক ধারা বিনিয়োগকারীদের মধ্যে আস্থা বাড়াবে। গত কয়েক বছরে আর্থিক খাতের চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আইডিএলসি তাদের ডিভিডেন্ড প্রদানের ধারাবাহিকতা বজায় রেখেছে।
ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটি বরাবরই ক্যাটাগরি ‘এ’ ভুক্ত প্রতিষ্ঠান হিসেবে তাদের ভালো রিটার্ন দিয়ে আসছে শেয়ারহোল্ডারদের।

