পাঁচ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রের মুনাফায় উৎসে কর ৫ শতাংশ: এনবিআর

প্রতীকী ছবি
পাঁচ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রের মুনাফার ওপর উৎসে কর ১০ শতাংশ নয়, ৫ শতাংশ কাটতে হবে- এমন আদেশ দিয়ে বিষয়টি স্পষ্ট করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বিষয়টি স্পষ্ট করে মঙ্গলবার এনবিআর থেকে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের মহাপরিচালককে চিঠি দেয়া হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, আগের মতো পাঁচ লাখ টাকা পর্যন্ত পেনশনার সঞ্চয়পত্রে মুনাফার ওপর কোনো উৎসে কর কাটা হবে না।
সঞ্চয়পত্রের গ্রাহকরা গত জানুয়ারি থেকে অভিযোগ করে আসছেন, পাঁচ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রের মুনাফার ওপর ১০ শতাংশ হারে উৎসে কর কাটা হচ্ছে। বিষয়টি এনবিআরের নজরে এলে উৎসে কর নিয়ে এই ব্যাখ্যা দেয়া হলো।
চিঠিতে বলা হয়েছে, ২০১৯ সালের প্রজ্ঞাপন অনুসারে সব সঞ্চয়পত্রে বিনিয়োগের পরিমাণ পাঁচ লাখ টাকা অতিক্রম না করলে অর্জিত মুনাফার ওপর উৎসে কর কাটার হার হবে ৫ শতাংশ। আর কোনো ব্যক্তির কোনো আয়বর্ষে শুধু পেনশনার সঞ্চয়পত্রে পুঞ্জীভূত বিনিয়োগ পাঁচ লাখ টাকা অতিক্রম না করলে অর্জিত মুনাফার ওপর উৎসে করের হার শূন্য শতাংশ হবে। এর মানে, কোনো উৎসে কর বসবে না।
আয়কর আইন ২০২৩–এর ধারা ১০৫ অনুযায়ী, কোনো ব্যক্তির কোনো আয়বর্ষে সব ধরনের সঞ্চয়পত্রে বিনিয়োগের পরিমাণ পাঁচ লাখ টাকা অতিক্রম করলে অর্জিত মুনাফার ওপর উৎসে করের হার ১০ শতাংশ হবে।
বর্তমানে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের চার ধরনের সঞ্চয় আছে। এগুলো হলো পরিবার সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র, পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র ও তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র। পরিবার সঞ্চয়পত্র ছাড়া অন্য সঞ্চয়পত্রগুলোতে ব্যক্তির পাশাপাশি প্রতিষ্ঠানও বিনিয়োগ করতে পারে।

