আগামীর সময়

ঢাবির খেলার মাঠ উন্নয়নে ২ কোটি টাকা দিলো বিসিবি

ঢাবির খেলার মাঠ উন্নয়নে ২ কোটি টাকা দিলো বিসিবি

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের আধুনিকায়ন ও ক্রিকেট মাঠের অবকাঠামোগত সংস্কারের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ২ কোটি টাকার অনুদান দিয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় ক্রীড়া পরিষদে বিসিবি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই চেক হস্তান্তর করে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, এই অর্থ দিয়ে কেন্দ্রীয় খেলার মাঠ ও সংশ্লিষ্ট অবকাঠামোর উন্নয়ন কাজ পরিচালিত হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের জন্য আরও আধুনিক ও সুবিধাসম্পন্ন ক্রীড়া পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

এ উদ্যোগ বাস্তবায়নে সার্বিক সহযোগিতাযুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানানো হয়েছে। একইসঙ্গে বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের ভূমিকাও উল্লেখ করা হয়।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম জানান, ক্রীড়া অবকাঠামো উন্নয়নে ডাকসু ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। এ ক্ষেত্রে ডাকসুর ক্রীড়া সম্পাদক আরমান হোসেন ও কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দীনের প্রচেষ্টার কথাও তুলে ধরা হয়।

তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যেই সেন্ট্রাল ফিল্ডের সংস্কার কাজ সম্পন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা কেন্দ্র ও ক্রিকেট গ্রাউন্ডকে একটি আধুনিক ও শিক্ষার্থীবান্ধব ক্রীড়া কেন্দ্রে রূপান্তর করা সম্ভব হবে।

    শেয়ার করুন: