আগামীর সময়

রোকেয়া ও শামসুন্নাহার হলে ঢাবি শিবিরের ইফতার বিতরণ

রোকেয়া ও শামসুন্নাহার হলে ঢাবি শিবিরের ইফতার বিতরণ

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল ও রোকেয়া হলে প্রায় এক হাজার শিক্ষার্থীর মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাবি শাখা। শিবির পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন ইনসাফের বারাকাহ ইফতার প্রোগ্রাম ২০২৬ এর অংশ হিসেবে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকাল ৪টা থেকে ৪টা ২০ মিনিট পর্যন্ত শামসুন্নাহার হলের সামনে এবং ৪টা ২০ মিনিট থেকে ৪টা ৪০ মিনিট পর্যন্ত রোকেয়া হলের সামনে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় হলের শিক্ষার্থীদের লাইনে দাঁড়িয়ে ইফতার সংগ্রহ করতে দেখা যায়।

ঢাবি শিবিরের সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদ হোসাইন খান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে নিজেদের পরিবারের অংশ মনে করে। সেই পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতেই এই ইফতার বিতরণ আয়োজন।

ইফতার বিতরণের অর্থের উৎস সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি জানান, প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনের সাবেক সদস্যরা নিয়মিত যোগাযোগ রাখেন এবং তারাই বিভিন্নভাবে আর্থিক সহায়তা ও পরামর্শ দিয়ে থাকেন।

ইনসাফের নির্বাহী পরিচালক এবং সার্জেন্ট জহুরুল হক হলের ভিপি আহসান হাবীব ইমরোজ বলেন, গত বছরের মতো এবারও ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ইফতার সামগ্রী বিতরণ করা হবে এবং এ কর্মসূচি ১৫ রমজান পর্যন্ত চলবে।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ডাকসুর ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক মো. মাজহারুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মো. শাহিনুর রহমান, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের জিএস আসিফ ইমাম, হাজী মুহাম্মদ মুহসিন হলের জিএস রাফিদ হাসান সাফওয়ান এবং শেখ মুজিবুর রহমান হলের ভিপি মুসলিমুর রহমান।

    শেয়ার করুন: