আগামীর সময়

মেয়েদের হলে টিকা ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ করলো ডাকসু

মেয়েদের হলে টিকা ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ করলো ডাকসু

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে মেয়েদের পাঁচটি হলে টিকাদান ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করা এবং প্রতিরোধমূলক চিকিৎসাসেবাকে হলপর্যায়ে সহজলভ্য করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

কর্মসূচির প্রথম দিনে ৬০০ ছাত্রীকে বিভিন্ন টিকার আওতায় আনা হয় এবং ১০ হাজার স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়।

সোমবার (২ ফেব্রুয়ারি ) সকাল ৯টা থেকে কবি সুফিয়া কামাল হলে টিকাদান কর্মসূচি শুরু হয়। পর্যায়ক্রমে মেয়েদের আরও চারটি হলে একই ধরনের টিকাদান কর্মসূচি পরিচালনা করা হবে। এ ছাড়া সামছুননাহার, সুফিয়া কামাল, কুয়েত মৈত্রী ও ফজিলাতুন্নেছা মুজিব হলে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়।

টিকাদান কর্মসূচির আওতায় টিটেনাস, জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধক এইচপিভি (HPV) টিকা (মূল্য ২ হাজার ৫০০ থেকে ৪ হাজার টাকা) এবং টাইফয়েড টিকা (প্রায় ২ হাজার ৫০০ টাকা) প্রদান করা হয়। পাশাপাশি বেসরকারি উদ্যোগে ভ্যাটমুক্ত মূল্যে হেপাটাইটিস-এ, হেপাটাইটিস-বি, ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া ও অন্যান্য প্রয়োজনীয় টিকার ব্যবস্থাও রাখা হয়।

ডাকসুর কমনরুম ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক উম্মে সালমা বলেন, “আমরা রোকেয়া হল বাদে মেয়েদের চারটি হলে ১০ হাজার স্যানিটারি ন্যাপকিন বিতরণ কার্যক্রম সম্পন্ন করেছি। তবে রোকেয়া হল সংসদের নেত্রীদের অসহযোগিতার কারণে সেখানে কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয়নি।”

ডাকসুর কার্যনির্বাহী সদস্য সাবিকুন্নাহার তামান্না বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবার অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সঙ্গে সমন্বয় করে আমরা বিনামূল্যের টিকাদান কর্মসূচির আয়োজন করেছি। পুশিং চার্জ হিসেবে মাত্র ৩০ টাকা নেওয়া হয়েছে। আমাদের লক্ষ্য হলো নারী শিক্ষার্থীদের শারীরিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা সহজলভ্য করা।”

তিনি আরও জানান, পাঁচটি হলের কার্যক্রম সম্পন্ন হওয়ার পর পুনরায় নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে, যাতে শিক্ষার্থীরা প্রয়োজন অনুযায়ী টিকা গ্রহণ করতে পারেন।

    শেয়ার করুন: