আগামীর সময়

আনন্দে মুখর পশ্চিম ডগরী আইডিয়াল স্কুলের বার্ষিক উৎসব

আনন্দে মুখর পশ্চিম ডগরী আইডিয়াল স্কুলের বার্ষিক উৎসব

ছবিঃ আগামীর সময়

গাজীপুরের পশ্চিম ডগরী আইডিয়াল স্কুলে ৯ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।

প্রধান অতিথি ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিন আল পারভেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহীর স্টাফ অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের চিফ একাউন্টস ও ফিনান্স অফিসার শামিম আহমদ উজ্জ্বল, জাতীয় সংসদ সচিবালয়ের চিফ একাউন্টস ও ফিনান্স অফিসার শরীফ কামাল চৌধুরী, সিজিএ প্রশাসনের ডেপুটি সিজিএ শাকিলা জামান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ডেপুটি সিএন্ডএফএও আনিসুল ইসলাম, জাতীয় ও আন্তর্জাতিক শিক্ষাবিদ স্টিফেন লিউক মালাকার, সিএজি কার্যালয়ের অডিট অ্যান্ড একাউন্টস অফিসার খাজা আমিনুল ও মিজানুর রহমান, বিদ্যুৎ ও জ্বালানি অডিট অধিদপ্তরের এও কামাল হোসেন, পরিবহন অডিট অধিদপ্তরের এসএএস সুপার কামাল রোহানী এবং গাজীপুরের ডিস্ট্রিক্ট ফিনান্স ও একাউন্টস অফিসার খালেদা আক্তার ও শামীম হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এবং নিরীক্ষা ও হিসাব ক্যাডারের ৩০তম ব্যাচের কর্মকর্তা, সিএজি কার্যালয়ের অ্যাডিশনাল ডেপুটি সিএজি কামরুজ্জামান।

প্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদের পক্ষ থেকে বলা হয়, বিদ্যালয়টি কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, প্রতিষ্ঠাতার বাবা-মায়ের স্মৃতির প্রতি শ্রদ্ধার বহিঃপ্রকাশ। মুনাফা নয়, এলাকার শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়াই তাদের লক্ষ্য। সম্পূর্ণ অলাভজনক ভিত্তিতে প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে সামাজিক দায়বদ্ধতা থেকে।

প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তারাই আগামীর জাতি গঠনের কারিগর। জয় কখনো পদক হয়ে আসে, কখনো পরাজয়ের মধ্যেও বড় শিক্ষা থাকে। তাই থেমে না গিয়ে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, পশ্চিম ডগরী আইডিয়াল স্কুল শুধু ভালো ফলের জন্য নয়, ভালো মানুষ গড়ার ক্ষেত্র হিসেবেও নিজেদের প্রমাণ করছে। এখান থেকেই আলোকিত ও মানবিক নাগরিক তৈরি হবে, যারা দেশের বোঝা নয়, সম্পদ হয়ে উঠবে।

বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ সুরুজ্জামান পিরুজালী আমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ছিলেন। অনুষ্ঠানে তাঁর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানে ক্লোজ আপ ওয়ান তারকা সাজু সংগীত পরিবেশন করেন, যা উপস্থিত সবার জন্য বাড়তি আকর্ষণ হয়ে ওঠে।

    শেয়ার করুন: