ঘাটতি পূরণে ১০ শনিবার প্রাথমিকের ক্লাস চলবে

ছবিঃ আগামীর সময়
রমজানজুড়ে দীর্ঘ ছুটির কারণে তৈরি হওয়া শিখন ঘাটতি পূরণে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ১০টি শনিবার (সাপ্তাহিক ছুটির দিন) ক্লাস চালুর সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার (২৪ মার্চ) মন্ত্রণালয়ের উপপরিচালক মো. জয়নাল আবেদীনের সই করা এক পরিপত্রে এ সিদ্ধান্ত জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন।
পরিপত্রে বলা হয়েছে, রমজান মাসজুড়ে বিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের পড়ালেখায় ঘাটতি তৈরি হয়েছে। সেই ঘাটতি কাটিয়ে উঠতে রমজানের ছুটি শেষে শ্রেণি কার্যক্রম শুরুর পরবর্তী ১০টি শনিবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।
উপপরিচালক জয়নাল আবেদীন জানিয়েছেন, স্কুল খোলার পর ১০ শনিবার বিদ্যালয় চলবে। শিশুদের পড়াশোনার ঘাটতি পূরণে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এতে শিক্ষার্থীদের পাঠ্যসূচি সময়মতো সম্পন্ন করা সম্ভব হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইতোমধ্যে সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে চিঠি পাঠানো হয়েছে।
জারি করা আদেশে বলা হয়েছে, শ্রেণি কার্যক্রম যথাযথভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। একইসঙ্গে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত ও পাঠদান কার্যক্রম স্বাভাবিক রাখতে বিদ্যালয় কর্তৃপক্ষকে বিশেষভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়া, এই নির্দেশনার আলোকে মাঠপর্যায়ের শিক্ষা অফিসগুলোকে সমন্বয় করে কাজ করার কথা বলা হয়েছে, যাতে শিক্ষার মান ও ধারাবাহিকতা বজায় থাকে।

