হাসপাতালে ভর্তি সেলিম খান, উদ্বিগ্ন সালমান

সংগৃহীত ছবি
বলিউডের ‘ভাইজান’ সালমান খান এর সময়টা যেন ভালো যাচ্ছে না। একদিকে বিষ্ণোই গ্যাংয়ের প্রাণনাশের হুমকি ও কড়া নিরাপত্তা বলয়, অন্যদিকে পরিবারের প্রধান অভিভাবক অসুস্থ সব মিলিয়ে উদ্বেগে রয়েছে খান পরিবার।
বার্ধক্যজনিত সমস্যার কারণে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রখ্যাত চিত্রনাট্যকার সেলিম খান। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে দ্রুত মুম্বাইয়ের লীলাবতী হাসপাতাল এ নিয়ে যান সালমান খান।
বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট থেকে অদূরে অবস্থিত এই হাসপাতালেই বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন সেলিম খান। হাসপাতাল সূত্রে জানা গেছে, মূলত বয়সজনিত কারণেই তিনি অসুস্থ বোধ করছিলেন। তবে পরিবারের পক্ষ থেকে তাঁর অসুস্থতার বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কালো টি শার্ট ও প্যান্ট পরিহিত সালমান কঠোর নিরাপত্তার মধ্যে হাসপাতাল থেকে বেরিয়ে আসছেন। উপস্থিত পাপারাজ্জিরা কথা বলার চেষ্টা করলেও কোনো মন্তব্য করেননি তিনি। বরং বিমর্ষ ও উদ্বিগ্ন মুখে দ্রুত গাড়িতে উঠে স্থান ত্যাগ করেন এই তারকা। প্রিয় অভিনেতার এমন চেহারা দেখে ভক্তদের মধ্যেও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
উল্লেখ্য, গত বছর থেকেই সংকটের মধ্যে রয়েছে সালমান খানের পরিবার। ২০২৪ সালে বাড়িতে হামলার ঘটনার পর থেকে ধারাবাহিকভাবে প্রাণনাশের হুমকি পাচ্ছেন তিনি। এমনকি বাদ যাননি তাঁর ভগ্নিপতি অভিনেতা আয়ুশ শর্মা। এর মধ্যেই বাবার অসুস্থতা সালমানকে মানসিকভাবে আরও চাপে ফেলেছে বলে মনে করছেন অনেকে।
সূত্রঃ হিন্দুস্তান টাইমস

