আগামীর সময়

‘ওয়েডনেসডে’ সিজন ৩ এ উইনোনা রাইডার

‘ওয়েডনেসডে’ সিজন ৩ এ উইনোনা রাইডার

উইনোনা রাইডার

স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্সের সুপারহিট শো ‘ওয়েডনেসডে’ এর তৃতীয় সিজনে বিশেষ একটি চরিত্রে দেখা যাবে হলিউড তারকা উইনোনা রাইডারকে। এর ফলে দর্শক আবারও পর্দায় টিম বার্টন, জেনা ওর্তেগা এবং উইনোনা রাইডারের জাদুকরী পুনর্মিলন দেখতে পাবেন।

সম্প্রতি মুক্তি পাওয়া ‘বিটলজুস বিটলজুস’ সিনেমায় জেনা ওর্তেগা ছিলেন উইনোনা রাইডারের মেয়ের চরিত্রে। সেই সিনেমার পরিচালক টিম বার্টনই ‘ওয়েডনেসডে’ সিরিজের পরিচালক ও নির্বাহী প্রযোজক। শুধু তাই নয়, সিরিজের স্রষ্টা আল গফ এবং মাইলস মিলারই ওই সিনেমার চিত্রনাট্য লিখেছিলেন। ফলে উইনোনার অন্তর্ভুক্তি যেন একটি পুরোনো সফল টিমের নতুন অভিযান।

উইনোনার যোগদান নিয়ে উচ্ছ্বসিত টিম বার্টন এক বিবৃতিতে বলেন, “উইনোনা আমাদের সাথে যোগ দেওয়ায় আমি অত্যন্ত আনন্দিত। সে এই অদ্ভুত জগতের জন্য একদম উপযুক্ত। সে আমার খুব প্রিয় বন্ধু এবং তাঁর সাথে কাজ করতে পারাটা ভাগ্যের বিষয়।”

সিরিজের শোরানার গফ ও মিলার তাকে ‘আউটকাস্ট’দের জগতের কিংবদন্তি হিসেবে অভিহিত করে বলেন, “টিম বার্টনের সঙ্গে তাঁর জুটি সিনেমার ইতিহাসে কিছু অবিস্মরণীয় চরিত্র উপহার দিয়েছে। নেভারমোর একাডেমিতে তাঁকে স্বাগত জানাতে পেরে আমরা এক্সসাইটেড।”

‘স্ট্রেঞ্জার থিংস’ এর পঞ্চম তথা শেষ সিজনের শুটিং শেষ করার পর এটি উইনোনা রাইডারের জন্য নেটফ্লিক্সে এক দ্রুত প্রত্যাবর্তন। তবে তিনি ঠিক কোন চরিত্রে অভিনয় করবেন, তা এখনও অত্যন্ত গোপনীয়তার সাথে গোপন রাখা হয়েছে।

উইনোনা রাইডার ছাড়াও তৃতীয় সিজনে নতুন নাম হিসেবে যুক্ত হয়েছেন ইভা গ্রিন, যিনি মর্টিকা অ্যাডামসের বোন ওফেলিয়া চরিত্রে অভিনয় করবেন। দুইবার অস্কার মনোনীত এই অভিনেত্রী উইনোনা এর আগে টিম বার্টনের সঙ্গে ‘এডওয়ার্ড সিজারহ্যান্ডস’ এবং ‘ফ্রাঙ্কেনউইনি’ এর মতো কালজয়ী কাজ করেছেন।

​উইনোনা রাইডারের এই অন্তর্ভুক্তি ‘ওয়েডনেসডে’ ভক্তদের মাঝে টানটান উত্তেজনা তৈরি করেছে। এখন দেখার বিষয়, রহস্যময় ‘নেভারমোর একাডেমি’তে তাঁর চরিত্রটি জেনা ওর্তেগা ওরফে ওয়েডনেসডের বন্ধু নাকি শত্রু হিসেবে আবির্ভূত হয়।


সুত্রঃ নিউজ ১৮

    শেয়ার করুন: