৪৭ বছর পর আবারও এক ফ্রেমে কমল-রজনী

কমল হাসান ও রজনীকান্ত
দক্ষিণ ভারতীয় সিনেমার ইতিহাসে এক অবিস্মরণীয় মুহূর্তের সাক্ষী থাকল সিনেমাপ্রেমীরা। দীর্ঘ ৪৭ বছর পর রুপালি পর্দায় একসঙ্গে ফিরছেন দুই মহাতারকা রজনীকান্ত এবং কমল হাসান। পরিচালক নেলসন দিলীপকুমারের আসন্ন এক প্রজেক্টের একটি দুর্দান্ত প্রোমো শনিবার ইন্টারনেটে মুক্তি পেতেই তা ভাইরাল হয়ে যায়।
কী আছে প্রোমোতে?
প্রোমোটির শুরু হয় পরিচালক নেলসন এবং সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দরকে নিয়ে। তাঁদের চিরচেনা রসিকতার মাঝেই দেখা যায় দুই সুপারস্টারের সাজঘরের দৃশ্য। মজার বিষয় হলো, প্রোমোতে দেখা যায় কমল ও রজনী দুজনেই একে অপরের পছন্দের সাথে পাল্লা দিচ্ছেন। নেলসন যখন কমল হাসানকে জানান যে তাঁর পছন্দের ব্লেজারটি রজনীকান্তও পছন্দ করেছেন, অমনি কমল তাঁর সিদ্ধান্ত বদলে ফেলেন।
একইভাবে জুতোর ক্ষেত্রেও রজনীকান্ত নিজের পছন্দ বদলে নেন যখন শোনেন সেই একই জুতো কমলের পছন্দ।
শেষ পর্যন্ত দুই কিংবদন্তিকে সত্তরের দশকের ‘রেট্রো’ লুকে দেখা যায়। তাঁরা দুজনে একটি গাড়িতে ওঠার পর আসল টুইস্টটি আসে। অনিরুদ্ধ যখন তাঁদের মিউজিক শোনানোর প্রস্তাব দেন, তখন কমল হাসান গম্ভীর মুখে প্রশ্ন করেন “সব ঠিক আছে, কিন্তু এই ছবির হিরো কে?” রজনীকান্তও একই প্রশ্ন ছুড়ে দেন। দুই সুপারস্টারের এই মিষ্টি লড়াই আর সোয়াগ ভক্তদের উন্মাদনাকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।
রেড জায়ান্ট মুভিজের ব্যানারে নির্মিত এই ছবিটির সিনেমাটোগ্রাফির দায়িত্বে আছেন প্রখ্যাত রাজীব মেনন। সংগীত পরিচালনায় থাকছেন অনিরুদ্ধ। প্রযোজনা সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, “ইতিহাস সচরাচর নিজেকে পুনরাবৃত্তি করে না, কিন্তু যখন করে, তখন তা প্রজন্মের পর প্রজন্মের কাছে উৎসবের মতো হয়ে দাঁড়ায়। আমরা গর্বিত এই দুই কিংবদন্তিকে পুনরায় একত্রিত করতে পেরে।”
১৯৭৯ সালের পর আর কখনও এই দুই মেগাস্টারকে পূর্ণাঙ্গভাবে একসঙ্গে পর্দায় দেখা যায়নি। নেলসনের জাদুকরী পরিচালনায় এই ঐতিহাসিক পুনর্মিলন যে বক্স অফিসে সুনামি আনতে চলেছে, তার আভাস প্রোমোতেই স্পষ্ট।
সুত্রঃ এনডিটিভি

