দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরছেন আনুশকা শর্মা

আনুশকা শর্মা
দীর্ঘ বিরতির পর এবার বড় পর্দায় ফিরছেন আনুশকা শর্মা। দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের হাত ধরেই বিরতি ভাঙ্গছেন তিনি। শোনা যাচ্ছে, জনপ্রিয় নির্মাতা অ্যাটলির আসন্ন মেগা প্রজেক্ট 'AA22xA6' এ আল্লু অর্জুনের বিপরীতে দেখা যাবে আনুশকাকে। যদি সব ঠিক থাকে, তবে এই সিনেমার মাধ্যমেই তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক হতে যাচ্ছে তার।
সিনেমাটি নিয়ে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে টানটান উত্তেজনা কাজ করছে। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, আগামী ৮ই এপ্রিল আল্লু অর্জুনের জন্মদিনে সিনেমাটির নাম চূড়ান্তভাবে ঘোষণা করা হবে। তবে এটি কেবল সাধারণ কোনো ঘোষণা হবে না, একটি বিশাল বাজেটের ভিডিওর মাধ্যমে দর্শকদের পরিচয় করিয়ে দেওয়া হবে এই সিনেমার প্যারালাল ইউনিভার্সের সাথে। যেখানে আল্লু অর্জুনকে দেখা যাবে একদমই অচেনা সব লুকে।
এদিকে আনুশকা শর্মার ভক্তরা তার কামব্যাক সিনেমা 'চাকদা এক্সপ্রেস' নিয়েও বেশ চিন্তিত। ঝুলন গোস্বামীর বায়োপিকটি তৈরি হয়ে পড়ে থাকলেও নেটফ্লিক্সের সাথে ঝামেলার কারণে সেটি মুক্তি পাচ্ছে না। আনুশকার সহ-অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্য আক্ষেপ করে বলেন, 'এটা আনুশকার ক্যারিয়ারের সেরা কাজ হতে যাচ্ছে, কিন্তু কেন যে মুক্তি পাচ্ছে না তা আমারও বোধগম্য নয়।'
তবে 'চাকদা এক্সপ্রেস' নিয়ে ধোঁয়াশা থাকলেও আল্লু অর্জুনের এই নতুন প্রজেক্টে অনুষ্কার নাম আসায় নতুন করে আশায় বুক বাঁধছেন ভক্তরা। অ্যাকশন কিং আল্লু অর্জুন আর স্টাইলিশ আনুশকা শর্মার এই নতুন জুটি পর্দায় কতটা রসায়ন জমায়, এখন সেটাই দেখার বিষয়।
সূত্রঃ নিউজ ১৮

