কাজলকে দেখে ভক্তদের হুলস্থুল

কাজল
গত রাতে মুম্বাইয়ে একটি ইন্ডাস্ট্রি ইভেন্টে যোগ দিয়েছিলেন কাজল। কিন্তু অনুষ্ঠান শেষে ফেরার পথে যে পরিস্থিতির সৃষ্টি হবে, তা হয়তো অভিনেত্রী নিজেও ভাবেননি। প্রিয় তারকাকে একনজর দেখতে আর সেলফি তুলতে ভক্তরা এমনভাবে কাজলকে ছেঁকে ধরেন যে, তাকে উদ্ধার করতে রীতিমতো বেগ পেতে হয়েছে তার টিমকে।
ভিড় সামলানোর সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তবে ভক্তদের নজর কেড়েছে কাজলের সাজ। সবুজ রঙের ঝকঝকে শাড়িতে কাজলকে দেখে মনেই হচ্ছিল না যে তিনি বলিউডে ৩০ বছর পার করে ফেলেছেন। ভক্তদের অনুরোধে প্রথমে হাসিমুখে পোজ দিলেও ভিড় মাত্রা ছাড়িয়ে গেলে নিরাপত্তারক্ষীরা তাকে দ্রুত গাড়ির দিকে নিয়ে যান।
মাঝে বিরতি নিলেও কাজল ফিরছেন রাজকীয় স্টাইলে। ‘মহারাজ্ঞী’ সিনেমাটি নিয়ে ভক্তদের মাঝে ব্যাপক আগ্রহ রয়েছে, বিশেষ করে প্রভু দেবার সঙ্গে কাজলের পুরোনো রসায়ন দেখার জন্য সবাই মুখিয়ে আছেন। কাজল মনে করেন, সিনেমার গল্পের চেয়েও সেটের পরিবেশ এবং সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক থাকাটা তার কাছে বেশি গুরুত্বপূর্ণ।
ক্যারিয়ারের শুরুতে তাকে অনেকেই ‘একগুঁয়ে’ বলতেন। সে প্রসঙ্গে কাজল বলেন, ‘আমি সবসময় নিজের সিদ্ধান্ত নিজে নিয়েছি এবং ভাগ্যক্রমে সেগুলো সঠিক প্রমাণিত হয়েছে। আমার খামখেয়ালিপনাকে মানুষ ভালোবাসা দিয়েছে, এজন্য আমি কৃতজ্ঞ।’
‘মহারাজ্ঞী’ ছাড়াও সামনে যিশু সেনগুপ্ত ও নাসিরুদ্দিন শাহর মতো বড় বড় তারকার সঙ্গে কাজলকে দেখা যাবে। সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা না হলেও কাজলের এই অ্যাকশন রুপ দেখার অপেক্ষায় দিন গুনছেন দর্শকরা।
সূত্র : নিউজ ১৮

