সড়ক দুর্ঘটনায় জনপ্রিয় অভিনেত্রীর মৃত্যু

ভারতের রাজস্থানী বিনোদন জগতে ন্মেমে এল শোকের ছায়া। জয়পুরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় অভিনেত্রী ও মডেল হর্ষিল কালিয়া। গতকাল সোমবার রাতে কাজ সেরে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর গাড়িটি একটি রোড ডিভাইডারে সজোরে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নিলে হর্ষিল মারা যান।
৩০ বছর বয়সী এই অভিনেত্রীর অকাল প্রয়াণে স্তম্ভিত তাঁর সহকর্মী ও অনুরাগীরা। ডিজনি প্লাস হটস্টার-এর ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজ ‘ক্রাইম নেক্সট ডোর’-এ অভিনয় করে নজর কেড়েছিলেন হর্ষিল। অভিনয়ের পাশাপাশি তিনি একটি নিউজ চ্যানেলের সঞ্চালক হিসেবেও কাজ করতেন। এ ছাড়াও একাধিক জনপ্রিয় রাজস্থানী মিউজিক ভিডিওতেও দেখা গিয়েছিল তাঁকে।
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে দুর্ঘটনাটি ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, দ্রুতগতিতে আসা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে যায়। স্থানীয়রা তখনই ছুটে এসে গাড়িটি সোজা করেন এবং হর্ষিলকে উদ্ধার করে নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মাথায় গুরুতর আঘাত পাওয়াই মৃত্যুর প্রধান কারণ বলে জানা গেছে।
এরইমধ্যই পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে। যান্ত্রিক গোলযোগ না কি অন্য কোনও কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।c

