আন্ডারওয়ার্ল্ড থেকে হত্যার হুমকি দেওয়া হতো করণকে: ফারাহ খান

পরিচালক করণ জোহর এবং ফারাহ খান
রুপালি পর্দার ঝকঝকে দুনিয়ার আড়ালে নব্বইয়ের দশকের বলিউড ছিল অপরাধ জগতের কালো ছায়ায় ঢাকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই ভয়ংকর দিনগুলোর কথা মনে করিয়ে দিলেন ফারাহ খান। তার দাবি, শাহরুখ, সালমান ও আমিরের মতো মহাতারকাদেরও সেই সময় মাফিয়াদের হুমকি আর চাপের মুখে কাজ করতে হতো।
ফারাহ জানান, ‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমার মুক্তির সময় পরিচালক করণ জোহরকে হত্যার হুমকি দিচ্ছিল আন্ডারওয়ার্ল্ড। ফারাহ বলেন, “কুছ কুছ হোতা হ্যায় এর প্রিমিয়ারের সময় পরিস্থিতি খুব ভয়ংকর ছিল। আমরা আলোচনা করছিলাম প্রিমিয়ার কি আদৌ করা ঠিক হবে কি না। করণের জন্য সেটা ছিল চরম আতঙ্কের এক সময়।”
তবে সেই সংকটপূর্ণ সময়ে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন শাহরুখ খান এবং সালমান খান। পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে ছবির প্রিমিয়ারে করণকে একটি ছোট ঘরে আটকে রাখা হয়েছিল তার নিরাপত্তার স্বার্থে। ফারাহ জানায় বাইরে তারা প্রিমিয়ারের সাফল্য উদযাপন করলেও করণ তখন ভয়ে ঘরের ভিতর বসে কাঁপছিল। তখন শাহরুখ এবং সালমান দুজনেই পালা করে করণের নিরাপত্তার তদারকি করতেন। সেটে বা বাইরে করণ যাতে একা না থাকেন তা নিশ্চিত করেছিলেন এই দুই তারকাই।
অতীতের সেই অন্ধকার দিনগুলো পেরিয়ে ফারাহ এখন রঙিন সময় কাটাচ্ছেন তার নতুন ডিজিটাল ক্যারিয়ার নিয়ে। ২০২৪ সালের এপ্রিলে শুরু করা তার রান্নার ইউটিউব চ্যানেলটি এখন তুঙ্গে। ফারাহর সেই কুকিং শো এ ফাঁস হয়েছে এই চ্যাঞ্চল্যকর তথ্য।

