আগামীর সময়

চার সন্তান চান সেলেনা গোমেজ

চার সন্তান চান সেলেনা গোমেজ

সেলেনা গোমেজ

হলিউড পপ সেনসেশন সেলেনা গোমেজ এখন ঘোর সংসারী। গত বছরের সেপ্টেম্বরে সংগীত প্রযোজক বেনি ব্লাঙ্কোর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসার পর থেকেই এই জুটিকে নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। এবার নিজের ফ্যামিলি প্ল্যানিং নিয়ে মুখ খুললেন সেলেনা। এক বা দুজন নয়, বরং চার চারজন সন্তান নিয়ে ঘর আলো করতে চান এই গায়িকা।

সম্প্রতি স্বামী বেনি ব্লাঙ্কোর পডকাস্টে হাজির হয়ে সেলেনা জানিয়েছেন, তার এই বড় পরিবারের স্বপ্নের পেছনে রয়েছে একটি সিনেমা। ‘দ্য ফ্যামিলি স্টোন’ সিনেমার একটি দৃশ্য সেলেনার খুব প্রিয়, যেখানে দেখা যায় ডিনার টেবিলে পরিবারের সবাই তাদের সঙ্গী আর সন্তানদের নিয়ে হৈহুল্লোড় করছে। সেলেনা বলেন, ‘আমি স্বপ্ন দেখি যখন আমার বয়স হবে, তখন যেন আমার ডিনার টেবিলটাও ওরকম ভরা থাকে। এক দল সুন্দর মানুষ, আমার সন্তান আর তাদের সঙ্গীরা মিলে একসঙ্গে সময় কাটাবে এটাই আমার কাছে আসল পরিবার।’

তবে কেবল স্বপ্নে বিভোর নন তিনি, জীবনের অনিশ্চয়তা সম্পর্কেও কথা বলেছেন। নিজের শারীরিক সমস্যার কথা মাথায় রেখে সেলেনা বলেছেন, ‘ভবিষ্যতে কী হবে তা তো আমরা জানি না। হয়তো আমাদের একটি সন্তান হবে কিংবা একটিও হবে না। তবে মনে মনে আমি ওই ডিনার টেবিলের দৃশ্যটাই দেখতে চাই।’

আড্ডার এক পর্যায়ে সেলেনা মজা করে বলেছেন, বাচ্চারা বড় হয়ে যাওয়ার পর হয়তো পরিবারটা দেখতে খুব সুন্দর লাগবে, কিন্তু ছোটবেলায় তাদের সামলাতে গিয়ে জীবনটা জাহান্নাম হয়ে যাবে। তার এই রসিকতায় হেসে ওঠেন বেনি ও উপস্থিত বন্ধুরা।

​প্রসঙ্গত, দীর্ঘদিনের প্রেমের পর ২০২৫ সালের সেপ্টেম্বরে ঘর বাঁধেন সেলেনা ও বেনি। বিয়ের পর থেকেই তারা একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশে কোনো কার্পণ্য করছেন না। এখন দেখার বিষয়, সেলেনার এই ডিনার টেবিলের স্বপ্ন কবে বাস্তবে রূপ নেয়।

সূত্র : এনডিটিভি 

    শেয়ার করুন: