আবারো প্লেব্যাকে অরিজিৎ, কি জানালেন আমির?

সংগৃহীত ছবি
বলিউড সুপারস্টার আমির খান ও জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং এর বন্ধুত্ব নতুন নয়। সম্প্রতি সেই সম্পর্ক আরও উষ্ণ হয়ে উঠেছে। অরিজিৎ সিংয়ের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জিয়াগঞ্জে অবস্থিত বাড়িতে চার দিন কাটানোর পর আবেগঘন বার্তা দিয়েছেন ।
সোমবার আমির খানের প্রযোজনা সংস্থা সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করে। ছবিতে দেখা যায়, মোবাইল ফোনে কিছু দেখাচ্ছেন আমির, পাশে বসে মনোযোগ দিয়ে দেখছেন অরিজিৎ। ছবির ক্যাপশনে লেখা হয়, “আমাদের ছবি ‘এক দিন’ এর জন্য কণ্ঠ দেওয়ার জন্য ধন্যবাদ অরিজিৎ। তোমার পরিবার ও টিমের সঙ্গে কাটানো চারটি দিন সত্যিই ম্যাজিক্যাল ছিল।”
এই পোস্ট সামনে আসে ঠিক এক সপ্তাহ পর, যখন আমির খানকে অরিজিৎ সিংয়ের জিয়াগঞ্জের বাড়িতে দেখা গিয়েছিল।
এর আগেও আমির খানের একাধিক ছবিতে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং। ২০১৬ সালে আমির অভিনীত সুপারহিট ছবি ‘দঙ্গল’ এ অরিজিৎ এর গাওয়া গান ‘নাইনা’ বিপুল জনপ্রিয়তা পায়।
২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘লাল সিং চাড্ডা’ ছবিতেও অরিজিৎ এর গাওয়া ‘তেরে হাওয়ালে’ ও ‘ফির না অ্যাইসি রাত আয়েগি’ গান দুটি দর্শক শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যায়। এছাড়া কিরণ রাওয়ের পরিচালনায় ‘লাপাতা লেডিস’ ছবির ‘ও সাজনি রে’ গানেও কণ্ঠ দেন তিনি।
আমির খানের আসন্ন রোমান্টিক ছবি ‘এক দিন’ এ অভিনয় করছেন তার ছেলে জুনায়েদ খান ও দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী।
এরই মধ্যে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে ভক্তদের চমকে দিয়েছেন অরিজিত সিং। তবে সেই ঘোষণার পর প্রথমবারের মতো কলকাতায় অনুশকা শঙ্করের কনসার্টে প্রকাশ্যে গান গাইতে দেখা যায় তাকে। এখন প্রশ্ন, তবে কী আমিরের সিনেমায় গান গাইছেন অরিজিৎ।
সূত্র: এনডিটিভি

