টেইলর সুইফটের কনসার্টে নাশকতার দায়ে মামলা

কনসার্টে টেইলর সুইফট
পপ তারকা টেইলর সুইফটের ভিয়েনা কনসার্টে ভয়াবহ সন্ত্রাসী হামলার পরিকল্পনার অভিযোগে ২১ বছর বয়সী এক অস্ট্রিয়ান যুবকের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসবাদের মামলা দায়ের করা হয়েছে। প্রসিকিউটরদের দাবি, ২০২৪ সালের আগস্ট মাসে সুইফটের 'ইরাস ট্যুর' চলাকালীন হাজার হাজার ভক্ত এবং বিশেষ করে মার্কিন নাগরিকদের লক্ষ্য করে এই প্রাণঘাতী হামলার ছক কষেছিল ওই যুবক। তার মূল উদ্দেশ্য ছিল জনাকীর্ণ কনসার্টে যত বেশি সম্ভব মানুষকে হত্যা করা।
২০২৪ এর ৮, ৯ এবং ১০ আগস্ট ভিয়েনার আর্নস্ট হ্যাপেল স্টেডিয়ামে টেইলর সুইফটের তিনটি কনসার্ট হওয়ার কথা ছিল। প্রতি রাতে প্রায় ৬৫ হাজার দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়ামে হামলার আশঙ্কায় শেষ মুহূর্তে সবকটি শো বাতিল ঘোষণা করা হয়। সিআইএ এর ডেপুটি ডিরেক্টর ডেভিড কোহেন এই ষড়যন্ত্রের ভয়াবহতা নিশ্চিত করে জানান, উগ্রবাদী গোষ্ঠীটি অত্যন্ত সুপরিকল্পিতভাবে হাজার হাজার মানুষকে হত্যার নীল নকশা তৈরি করেছিল এবং তাদের প্রস্তুতি ছিল বেশ উন্নত স্তরের।
তদন্ত কর্মকর্তাদের মতে, আটককৃত যুবক নিজেকে কট্টরপন্থী ইসলামিক স্টেটের আদর্শে অনুপ্রাণিত বলে স্বীকার করেছে। সে অনলাইনে বিভিন্ন প্রোপাগান্ডা এবং বিস্ফোরক তৈরির কৌশল সংবলিত ভিডিও শেয়ার করত। প্রসিকিউটররা অভিযোগ করেছেন, সে ইন্টারনেটের সহায়তায় ‘শ্রাপনেল বোমা’ তৈরির নির্দেশিকা সংগ্রহ করেছিল এবং ইতিমধ্যে সামান্য পরিমাণ বিস্ফোরক তৈরিও করে ফেলেছিল। এছাড়া বিদেশের বাজার থেকে অবৈধভাবে অস্ত্র কিনে অস্ট্রিয়ায় পাচারের চেষ্টাও করেছিল সে। আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোর দেওয়া তথ্যের ভিত্তিতে অস্ট্রিয়া পুলিশ এই যুবকসহ আরও দুই সহযোগীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
কনসার্ট আয়োজক সংস্থা ‘বারাকুডা মিউজিক’ নিরাপত্তার খাতিরে অনুষ্ঠানগুলো বাতিলের সিদ্ধান্ত নেয় এবং ভক্তদের টিকিটের টাকা স্বয়ংক্রিয়ভাবে ফেরতের আশ্বাস দেয়। তবে কনসার্ট বাতিল হলেও দমে যাননি টেইলর সুইফটের ভক্তরা, যারা নিজেদের ‘সুইফটিজ’ বলে পরিচয় দেন। ভয় ও আতঙ্কের বদলে তাঁরা ভিয়েনার রাস্তায় নেমে গান গেয়ে এবং বন্ধুত্বের ব্রেসলেট বিনিময় করে সংহতি প্রকাশ করেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়, হাজার হাজার ভক্ত সমস্বরে সুইফটের গান গেয়ে পরিস্থিতিকে এক অনন্য উৎসবের রূপ দিয়েছেন। ভিয়েনার এই অকাল কনসার্টটি এখন বিশ্বজুড়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে এক পজেটিভ প্রতিরোধের উদাহরণ হয়ে দাঁড়িয়েছে।
সূত্রঃ নিউজ ১৮

