হলিউডে একের পর এক গায়িকার বায়োপিক

(বাঁ থেকে) সেলেনা গোমেজ, জেন্ডায়া, শেইলিন উডলি। ছবি: রোলিং স্টোন
হলিউডে বহু বছর ধরে গায়কদের জীবন নিয়ে বায়োপিক তৈরি হচ্ছে। এলভিস প্রিসলি, এল্টন জন, বব ডিলান, রবি উইলিয়ামস এবং ফ্রেডি মার্কারির মতো তারকাদের জীবনকাহিনী বহুবার পর্দায় এসেছে। কিন্তু গায়িকাদের বায়োপিক তেমনভাবেই তৈরি হয়নি বললেই চলে। এই বছরটা যেন সেই আক্ষেপই পূরণ করতে চলেছে। গায়িকাদের নিয়ে একের পর এক সিনেমা নির্মাণ হচ্ছে।
সম্প্রতি হলিউড রিপোর্টার সংবাদ প্রকাশ করেছে, বিখ্যাত গায়িকা কিংবদন্তি রনি স্পেকটরের জীবনীভিত্তিক সিনেমা ‘বি মাই বেবি’ তৈরি হচ্ছে। এতে রনি স্পেকটরের চরিত্রে অভিনয় করবেন জেন্ডায়া, আর পরিচালনা করবেন ব্যারি জেনকিনস। ছবিটি রনি স্পেকটরের ১৯৯০ সালের আত্মজীবনীমূলক গ্রন্থ ‘বি মাই বেবি’ থেকে তৈরি হচ্ছে। রনি স্পেকটর নিজেই মৃত্যুর আগে জেন্ডায়াকে এই চরিত্রের জন্য বেছে নিয়েছিলেন। ২০২২ সালে তাঁর মৃত্যুতে জেন্ডায়া লিখেছিলেন, “আপনার জীবনের গল্প শেয়ার করার জন্য ধন্যবাদ। আমি ঘণ্টার পর ঘণ্টা আপনার গল্প শুনতে পারতাম। আশা করি আমি আপনাকে গর্বিত করতে পারব।”
শুধুমাত্র ‘বি মাই বেবি’ নয়, আরও একাধিক কিংবদন্তি নারী সঙ্গীত শিল্পীর বায়োপিক নির্মাণাধীন। এর মধ্যে রয়েছে জ্যানিস জপলিনের জীবনভিত্তিক সিনেমা, যেখানে জপলিনের চরিত্রে অভিনয় করবেন শেইলিন উডলি। এছাড়া ফোক গায়িকা লিন্ডা রনসট্যাডের জীবনী নিয়ে আরেকটি সিনেমা নির্মাণ হচ্ছে। নাম ভূমিকায় অভিনয় করবেন সেলেনা গোমেজ।
(বাঁ থেকে) জ্যানিস জপলিন, রনি স্পেকটর, ক্যাস এলিয়ট। ছবি: রোলিং স্টোন
গিটারিস্ট সিস্টার রোসেটা থার্পের জীবনী নিয়েও সিনেমা নির্মাণ হচ্ছে। ছবিটিতে লিজো অভিনয় করবেন। এই বছর ফেব্রুয়ারিতে ঘোষণা করা হয়েছে ক্যাস এলিয়টের বায়োপিক ‘মাই মামা, ক্যাস’ ছবির, প্রধান চরিত্রে অভিনয় করবেন জেসিকা গানিং।
এই নতুন প্রজেক্টগুলো মূলত নারীর শিল্প এবং সঙ্গীতকে কেন্দ্র করে তৈরি হচ্ছে। পুরুষদের বায়োপিকের মতোই এখানে অভিনেত্রীদের নিজস্ব কণ্ঠ এবং পারফরম্যান্সকে গুরুত্ব দেওয়া হচ্ছে। জ্যানিস জপলিনের বায়োপিকের ক্ষেত্রে অভিনেত্রী শেইলিন উডলি নিজেই গাইবেন। তিনি বলেন, ‘আমি জানতাম না কীভাবে গান শুরু করব, কিন্তু আমাকে ফাঁকা একটি গোডাউন, পুরো ব্যান্ডের সঙ্গে রাখা হয়েছিল। আমাকে বলা হয়েছিল মজা করো, গান গাও। এতে আমি অনেক নতুন কিছু শিখেছি।’
জ্যানিস জপলিনের বায়োপিকের শুটিং ক্যালিফোর্নিয়ায় খুব শিগগিরই শুরু হবে। ক্যাস এলিয়টের বায়োপিক ‘মাই মামা, ক্যাস’ মূলত তার কন্যা ওয়েন এলিয়ট কুগেলের স্মৃতি থেকে তৈরি হচ্ছে। ছবিটি হবে ক্যাস এলিয়টের জীবন, উত্তরাধিকার এবং মা ও মেয়ের সম্পর্কের গল্পের ওপর। এটি নাকি নানা মিথ ভাঙবে, যেমন ভুল ধারণা যে এলিয়ট হ্যাম নাকি স্যান্ডউইচ খেতে গিয়ে মারা গিয়েছিলেন।
লিন্ডা রনস্টাডেটের জীবনভিত্তিক সিনেমা নিয়ে অগ্রগতির তথ্যও মিলেছে। সেলেনা গোমেজ জানিয়েছেন, লিন্ডার সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং তার দুটি বই পড়েছেন। সেলেনা বলেন, ‘তিনি সত্যিই একজন ভিন্ন জগতের মানুষ। তার সঙ্গীত এবং জীবনের দৃষ্টিভঙ্গি অনন্য।’
সবগুলো সিনেমাতেই শুধুমাত্র রোমান্টিক সম্পর্ককে কেন্দ্র না করে শিল্পী এবং তাদের সঙ্গীত প্রতিভার দিকে বেশি ফোকাস করা হচ্ছে। তবে ‘বি মাই বেবি’ কেবল রনি স্পেকটরের ছয় বছরের বিবাহ জীবন এবং ফিল স্পেকটরের সঙ্গে তার সম্পর্ককে কেন্দ্র করে তৈরি হচ্ছে।
এখন শুধু অপেক্ষা করতে হবে, এই নারী সঙ্গীত শিল্পীদের বায়োপিকগুলো কখন বড় পর্দায় মুক্তি পাবে। তবে স্পষ্ট যে, এবার নারীরাও পাবেন হলিউডের সমান সুযোগ এবং সম্মান, যেখানে তাদের শিল্প, প্রতিভা এবং জীবনের গল্প অনবদ্যভাবে ফুটে উঠবে।

