আগামীর সময়

সুপারহিরো রূপে পর্দায় আসছেন সালমান খান

সুপারহিরো রূপে পর্দায় আসছেন সালমান খান

সালমান খান

কখনো টাইগার হয়ে সীমান্ত রক্ষা করেছেন, কখনো চুলবুল পান্ডে হয়ে দুষ্টের দমন করেছেন। কিন্তু এবার আস্ত এক সুপারহিরোর লুকে পর্দায় হাজির হতে যাচ্ছেন সালমান খান। তাও আবার যেই সেই সুপারহিরো নয়। এমন এক সুপারহিরো যে কি না নিজের কাজ থেকে অবসর নিতে চান। জনপ্রিয় পরিচালক জুটি রাজ অ্যান্ড ডিকের সঙ্গে এমনই এক অদ্ভুত ও রোমাঞ্চকর প্রোজেক্ট নিয়ে আসছেন বলিউড ভাইজান।

সিনেমাটির গল্প হবে হলিউড মুভি ‘হ্যানকক’-এর আদলে। সালমান এখানে এমন একজন অতিমানবিক  ক্ষমতার অধিকারী, যে কি না বছরের পর বছর ভিলেন পিটিয়ে ক্লান্ত। তিনি চান সাধারণ মানুষের মতো শান্তিতে জীবন কাটাতে। কিন্তু নিয়তি তাকে বারবার সেই চিরচেনা বিপদের মুখে টেনে আনে। পুরো বিষয়টিকে কমেডি এবং হাই ভোল্টেজ অ্যাকশনের মোড়কে সাজিয়েছেন ‘দ্য ফ্যামিলি ম্যান’খ্যাত রাজ ও ডিকে।

সূত্র বলছে, সালমান এই আইডিয়া শুনে বেশ উৎসাহিত। তবে তার একটাই শর্ত বাজেট যেন নাগালের বাইরে না যায়। অযথা খরচ বাড়িয়ে সিনেমাটিকে ঝুঁকিপূর্ণ করতে চান না তিনি। ২০২৬ সালের এপ্রিলে সালমানকে ফাইনাল স্ক্রিপ্ট শোনানো হবে। সব ঠিকঠাক থাকলে ২০২৬ সালের নভেম্বরেই শুরু হবে ক্যামেরার কাজ।

সবকিছু ঠিকঠাক থাকলে এটি হবে সালমানের সঙ্গে রাজ অ্যান্ড ডিকে এবং দক্ষিণ ভারতের নামি প্রযোজনা সংস্থা ‘মিথ্রি মুভি মেকার্স’-এর প্রথম কোলাবরেশন। সুপারহিরো জনরা বর্তমানে দর্শকদের কাছে বেশ জনপ্রিয়, আর তাতে যদি যোগ দেন সালমান খান তবে বক্স অফিসে যে সুনামি উঠবে, তা বলাই বাহুল্য।

​ভক্তরা এখন থেকেই প্রহর গুনছেন তাদের প্রিয় তারকাকে সুপারহিরোর রূপে দেখার জন্য। সালমান কি পারবেন অবসরে শান্তিতে জীবন কাটাতে? নাকি তাকে আবারও নামতে হবে পৃথিবীকে বাঁচাতে? উত্তর মিলবে ২০২৬-এর শেষে।

সূত্র : বলিউড হাঙ্গামা 

    শেয়ার করুন: