বিয়ে করছেন লেডি গাগা

পপ কুইন লেডি গাগা
দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ের দিনক্ষণ নিয়ে মুখ খুললেন পপ কুইন লেডি গাগা। সব ঠিক থাকলে আগামী কয়েক মাসের মধ্যেই বাগদত্তা মাইকেল পোলানস্কির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন তিনি। সম্প্রতি ব্রুনো মার্সের রেডিও শোতে এসে নিজেই এই সুখবর দেন গাগা।
বিয়ের খবর দেওয়ার পাশাপাশি গাগা তার বন্ধুর কাছে আবদার করেন একটি রোমান্টিক গানের জন্য। ব্রুনো মার্সও তার নতুন অ্যালবাম ‘দ্য রোমান্টিক’ থেকে ‘রিস্ক ইট অল’ গানটি এই হবু দম্পতিকে উৎসর্গ করেন। ব্রুনোর মতে, গাগা ও মাইকেলের ভালোবাসার উদযাপনে এই গানটি হবে একদম মানানসই।
গাগার বিয়ে মানেই কি অদ্ভুত সব সাজগোজ আর ধামাকা? এ প্রসঙ্গে গাগা অবশ্য রহস্য বজায় রেখেছেন। তিনি রসিকতা করে জানান, তারা হয়তো খুব সাদামাটাভাবে কোর্টে গিয়ে বিয়ে সেরে ফেলবেন। আবার এমনও হতে পারে যে, গাগা স্টাইলে বিয়েটা কোনো বিশাল উৎসবে পরিণত হবে যেখানে ইউনিকর্ন বা জাদুকরী সব আয়োজন থাকবে। তবে আয়োজন যেমনই হোক, গাগার বিয়ের খবরে বিশ্বজুড়ে তার ‘লিটল মনস্টার’ বা ভক্তদের মাঝে এখন উৎসবের আমেজ।
এদিকে ব্রুনো মার্স গত ২৭ ফেব্রুয়ারি তার চতুর্থ অ্যালবাম প্রকাশ করেছেন। সেই অ্যালবামেরই গান দিয়ে তিনি তার প্রিয় বন্ধুর বিয়ের আনন্দ বাড়িয়ে দিলেন।
সূত্র : নিউজ ১৮

