আগামীর সময়

প্রাণনাশের হুমকির মুখে অভিনেতা পাপা এসিডু

প্রাণনাশের হুমকির মুখে অভিনেতা পাপা এসিডু

অভিনেতা পাপা এসিডু

​হ্যারি পটার সিরিজের কালজয়ী চরিত্র প্রফেসর সেভেরাস স্নেপ। দীর্ঘ সময় ধরে ভক্তরা এই চরিত্রে প্রয়াত অ্যালান রিকম্যান ছাড়া আর কাউকে কল্পনাও করতে পারেননি। তাই যখন এইচবিও তাদের নতুন সিরিজের জন্য পাপা এসিডুর নাম ঘোষণা করল, তখনই শুরু হয় বিতর্ক। কিন্তু সেই বিতর্ক এখন রূপ নিয়েছে চরম সহিংসতায়। পাপা এসিডু সম্প্রতি জানিয়েছেন, তাকে এই চরিত্রে অভিনয় করার জন্য রীতিমতো খুনের হুমকি দেওয়া হচ্ছে।

পাপা জানান, তার ইনস্টাগ্রাম ইনবক্স এখন হুমকিতে ভরা। কেউ লিখছেন “অভিনয় ছাড়ো নাহলে তোমাকে খুন করব”, আবার কেউ বলছেন “তুমি কাজটা করার চেয়ে মরে গেলেই ভালো”। পাপা আক্ষেপ করে বলেন, স্রেফ নিজের কাজ করার জন্য কাউকে এমন পরিস্থিতির সম্মুখীন হওয়া উচিত নয়।

মজার ব্যাপার হলো, পাপা এসিডু ছোটবেলায় জে.কে. রাউলিং এর বইয়ের দারুণ ভক্ত থাকলেও তিনি ড্যানিয়েল র‍্যাডক্লিফ অভিনীত মূল সিনেমাগুলো কখনো দেখেননি। তাই অ্যালান রিকম্যানের সেই বিখ্যাত অভিনয়ের চাপ সরাসরি তার ওপর নেই। বরং তিনি চেয়েছিলেন চরিত্রটিকে একদম নতুনভাবে দর্শকদের সামনে আনতে।

এত বাধা আর হুমকির মুখেও পাপা নিজের সিদ্ধান্তে অটল। তিনি মনে করেন, তার এই উপস্থিতি অনেক শিশুকে বড় সপ্ন দেখতে শেখাবে। ২০২৭ সালে যখন এই সিরিজটি আসবে, তখন দেখা যাবে পাপা এসিডু তার জাদুর কাঠির ছোঁয়ায় সেই সব ঘৃণা মুছে দিতে পারেন কি না।

​নির্মাতারা জানিয়েছেন, প্রতি সিজনে হ্যারি পটারের একেকটি বইয়ের গল্প বিস্তারিতভাবে দেখানো হবে। ডাম্বলডোর থেকে শুরু করে হ্যাগ্রিড সব চরিত্রেই থাকছে নতুন মুখ। এখন দেখার বিষয়, দীর্ঘদিনের পরিচিত এই জগত নতুন তারকাদের হাত ধরে দর্শকদের মনে কতটা জায়গা করে নিতে পারে।

সূত্রঃ হিন্দুস্তান টাইমস

    শেয়ার করুন: