‘পিকে’ নিয়ে পুরোপুরি সন্তুষ্ট ছিলেন না আমির ও হিরানি

আমির খান ও রাজকুমার হিরানি
২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘পিকে’ ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম বড় ব্লকবাস্টার। অথচ অবাক করার মতো বিষয় হলো, এই সিনেমার দুই মূল কারিগর অভিনেতা আমির খান এবং পরিচালক রাজকুমার হিরানি নাকি ছবিটির ফলাফল নিয়ে পুরোপুরি খুশি ছিলেন না। সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির খান জানিয়েছেন, অক্ষয় কুমারের ‘ওএমজি: ও মাই গড’ সিনেমার থিমের সঙ্গে মিল এড়াতে গিয়ে শেষ মুহূর্তে ছবির দ্বিতীয় অর্ধে বড় পরিবর্তন আনতে হয়েছিল তাঁদের।
আমির খান জানান, ‘পিকে’র আসল চিত্রনাট্যটি ছিল একেবারেই অন্যরকম। কিন্তু তাঁদের শুটিং চলাকালীন বা ঠিক তার আগেই ২০১২ সালে মুক্তি পায় ‘ওএমজি’। আমির বলেন, “পিকে এবং ওএমজি এর প্লট সম্পূর্ণ আলাদা ছিল। আমাদের এখানে ছিল একজন ভিনগ্রহী বা এলিয়েন। কিন্তু সিনেমার মূল বার্তা বা থিমগুলোর মধ্যে অনেক মিল ছিল। রাজু জেদ ধরলেন যে আমাদের দ্বিতীয় ভাগ পরিবর্তন করতে হবে। আমরা তাই করলাম, কিন্তু মুক্তির আগে আমরা দুজনেই আলোচনা করছিলাম যে সিনেমাটি নিয়ে আমরা পুরোপুরি তৃপ্ত নই। তবে সেই মুহূর্তে আমাদের পক্ষে সেরাটাই আমরা করেছিলাম।”
তৃপ্তি না পেলেও ‘পিকে’ বক্স অফিসে ইতিহাস গড়েছিল। মুক্তির সময় এটি ছিল ভারতের সর্বোচ্চ আয় করা সিনেমা। আমিরের পাশাপাশি অনুষ্কা শর্মা, সুশান্ত সিং রাজপুত এবং সঞ্জয় দত্ত অভিনীত এই ছবিটি আজও দর্শকদের অন্যতম পছন্দের তালিকায় রয়েছে।
এদিকে আমির ও হিরানি জুটিকে নিয়ে নতুন খবর হলো, ভারতীয় চলচ্চিত্রের জনক দাদাসাহেব ফালকের বায়োপিকের জন্য তাঁরা আবার একত্রিত হতে চলেছেন। তবে কিছু মতপার্থক্যের কারণে বর্তমানে প্রজেক্টটি স্থগিত রয়েছে বলে শোনা যাচ্ছে। আমিরকে সর্বশেষ দেখা গেছে ‘সিতারে জমিন পার’ সিনেমায়, যেখানে তিনি একজন বাস্কেটবল কোচের চরিত্রে অভিনয় করেছেন।
এছাড়া তাঁর প্রযোজনায় ছেলে জুনায়েদ খান এবং সাই পল্লবীর আসন্ন সিনেমা ‘এক দিন’ নিয়েও ভক্তদের মাঝে প্রবল আগ্রহ দেখা যাচ্ছে।
সূত্রঃ হিন্দুস্তান টাইমস

