বাফটার মঞ্চে ‘বুং’ এর জয়ে উচ্ছ্বসিত ফারহান আখতার

বাফটার মঞ্চে পুরস্কার পেয়ে টিম ‘বুং’এর উচ্ছ্বাস
২০২৬ সালের বাফটা অ্যাওয়ার্ডসে রচিত হলো এক নতুন ইতিহাস। ‘সেরা চিলড্রেন অ্যান্ড ফ্যামিলি ফিল্ম’ বিভাগে সেরার মুকুট জিতে নিল মণিপুরী ভাষার ভারতীয় চলচ্চিত্র ‘বুং’। এই প্রথম কোনো ভারতীয় সিনেমা এই বিভাগে বাফটা পুরস্কার জয়ের গৌরব অর্জন করল। এই ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত ছবির অন্যতম প্রযোজক ফারহান আখতার।
লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে আয়োজিত এই জমকালো অনুষ্ঠানে ফারহান আখতারের সঙ্গে উপস্থিত ছিলেন সহ প্রযোজক রিতেশ সিধওয়ানি এবং পরিচালক লক্ষ্মীপ্রিয়া দেবী। ‘এক্সেল এন্টারটেইনমেন্ট’ এর ব্যানারে নির্মিত এই ছবিটির জয় নিয়ে ফারহান বলেন, “পরিচালক লক্ষ্মীপ্রিয়া দেবীর সঙ্গে আমার পরিচয় প্রায় ২০ বছরের। ভারতের এমন এক অঞ্চল থেকে এই ছবিটি উঠে এসেছে, যেখানের সিনেমা আমরা সচরাচর দেখার সুযোগ পাই না। গল্পটি এতটাই মনকাড়া ছিল যে এটিকে সমর্থন করাটাই সঠিক সিদ্ধান্ত বলে মনে হয়েছিল।”
মণিপুরের উপত্যকার এক ছোট ছেলে ‘বুং’ এর গল্প নিয়ে এই সিনেমা। সে তার মাকে একটি বিশেষ উপহার দিয়ে চমকে দিতে চায়। তার সহজ সরল বিশ্বাসে মনে হয়, নিরুদ্দেশ হওয়া বাবাকে বাড়িতে ফিরিয়ে আনাই হবে মায়ের জন্য সেরা উপহার। বাবার এই খোঁজ তাকে এমন এক অভিজ্ঞতার মুখোমুখি করে যা তার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করে। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন গুগুন কিপগেন এবং বালা হিজাম।
বাফটার মঞ্চে একমাত্র ভারতীয় মনোনীত ছবি হিসেবে ‘বুং’ কঠিন প্রতিযোগিতার মুখে পড়েছিল। ‘জুটোপিয়া ২’, ‘লিলো অ্যান্ড স্টিচ’ এবং ‘আর্কো’ এর মতো বিশ্বখ্যাত সব অ্যানিমেটেড ও ফ্যামিলি ড্রামাকে পেছনে ফেলে শ্রেষ্ঠত্বের শিরোপা ছিনিয়ে নিয়েছে এই মণিপুরী ছবি।
এর আগে ২০২৪ সালে টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ার হওয়ার পর থেকেই বিশ্বজুড়ে প্রশংসা কুড়াচ্ছিল ছবিটি। মুম্বাই, মেলবোর্ন এবং ওয়ারশ ফিল্ম ফেস্টিভ্যালেও এটি প্রদর্শিত হয়েছিল।
সুত্রঃ হিন্দুস্তান টাইমস

