আগামীর সময়

ঈদের নতুন গানে দুই কণ্ঠের মেলবন্ধন ‘আকাশে ওই বাঁকা চাঁদ’

ঈদের নতুন গানে দুই কণ্ঠের মেলবন্ধন ‘আকাশে ওই বাঁকা চাঁদ’

সংগৃহীত ছবি

এই ঈদকে সামনে রেখে সংগীতপ্রেমীদের জন্য নতুন একটি গান প্রকাশ করতে যাচ্ছে এস ভি এম মিউজিক কিচেন। ‘আকাশে ওই বাঁকা চাঁদ’ শিরোনামের এই গানে কণ্ঠ দিয়েছেন এ প্রজন্মের দুই কন্ঠশিল্পী আব্দুল আজিজ ও সালমান রাজ।

গানের কথা লিখেছেন উপস্থাপক ও জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক দেবাশিষ বিশ্বাস এবং সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন শিপলু দ্বীপ বিজন।

গানটি মূলত আধুনিক ধাঁচের আবেগঘন একটি ঈদের গান। এতে ঈদের প্রতি ভালোবাসা, স্মৃতি আর অনুভূতির মিশ্রণে এক ধরনের মায়াবী আবহ তৈরি করা হয়েছে। গানের কথায় যেমন রয়েছে আকাশের চাঁদের সাথে ঈদের মেলবন্ধন, তেমনি সুরের বিন্যাসেও রাখা হয়েছে মেলোডির কোমলতা।

গানটির গীতিকার দেবাশিষ বিশ্বাস বলেন, ‘গানটির কথায় আমি চেয়েছি মানুষের হৃদয়ের সহজ-সরল অনুভূতিগুলো তুলে ধরতে। চাঁদকে কেন্দ্র করে ঈদ ও প্রেমের এক নরম আবেগের গল্প এখানে ফুটে উঠেছে।’

অন্যদিকে সুরকার ও সংগীত পরিচালক শিপলু দ্বীপ বিজন বলেন, ‘গানটি তৈরির সময় আমরা চেষ্টা করেছি সুর ও সংগীতায়োজনে আধুনিকতার সঙ্গে মেলোডির ভারসাম্য রাখতে। দুই শিল্পীর কণ্ঠ মিলিয়ে গানটিকে ভিন্ন মাত্রা দিয়েছে।’

শিল্পী আব্দুল আজিজ ও সালমান রাজও গানটি নিয়ে বেশ আশাবাদী। তাদের মতে, শ্রোতারা গানটির কথা ও সুরে নতুন এক অনুভূতি খুঁজে পাবেন। ইতোমধ্যে গানটি প্রকাশনার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে প্রযোজনা প্রতিষ্ঠান।

প্রযোজনা ও প্রকাশনা প্রতিষ্ঠান এস ভি এম মিউজিক কিচেন কর্তৃপক্ষ জানায়, নতুন প্রজন্মের শ্রোতাদের জন্য ভিন্নধর্মী ও মানসম্মত গান উপহার দিতেই তাদের এই উদ্যোগ। ‘আকাশে ওই বাঁকা চাঁদ’ গানটি ঈদ উল ফিতরেই তাদের ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে শোনা যাবে।

প্রসঙ্গত, সংগীত সংশ্লিষ্টরা মনে করছেন, কথা, সুর ও কণ্ঠের সমন্বয়ে ‘আকাশে ওই বাঁকা চাঁদ’ গানটি শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিতে সক্ষম হবে।


    শেয়ার করুন: