বছরের সবচেয়ে বড় সংঘাতে রণবীর ও যশ

সংগৃহীত ছবি
মার্চ মাসে বক্স অফিসে এক ঐতিহাসিক লড়াইয়ের সাক্ষী হতে যাচ্ছে সিনেমাপ্রেমীরা। একদিকে রণবীর সিংয়ের বহুল আলোচিত সিক্যুয়েল ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’ আর অন্যদিকে কন্নড় সুপারস্টার যশের প্যান ইন্ডিয়া সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন আপস’। দুটি বড় বাজেটের ছবি একই দিনে মুক্তি পাওয়ায় ট্রেড অ্যানালিস্টরা একে এই বছরের সবচেয়ে বড় সংঘাত হিসেবে দেখছেন।
‘ধুরন্ধর ২’ সিনেমাটি নিয়ে ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে থাকার প্রধান কারণ এর প্রথম কিস্তির আকাশচুম্বী সাফল্য। এই ছবিতে রণবীর সিং আবারও ফিরছেন আন্ডারকভার এজেন্ট জাসকিরাত সিং রাঙ্গী ওরফে হামজা আলী মাজহারি চরিত্রে। পাকিস্তান ও ভারতের অপরাধ জগতের রোমাঞ্চকর মিশেলে তৈরি এই স্পাই থ্রিলারে রণবীরের সাথে আরও অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, আর. মাধবন এবং অর্জুন রামপাল। তবে মুক্তির আগেই ছবিটি কিছুটা আইনি বিপাকে পড়েছে। শুটিং সেটে নিরাপত্তার নিয়ম ভাঙার অভিযোগে মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন এই ছবির প্রোডাকশন হাউসকে কালো তালিকাভুক্ত করার প্রস্তাব দিয়েছে।
অন্যদিকে, ‘কেজিএফ’ খ্যাত যশের ছবি ‘টক্সিক’ নিয়ে দর্শকদের আগ্রহের কোনো কমতি নেই। ১৯৪০ থেকে ১৯৭০ সালের গোয়ার প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমায় দেখা যাবে এক বিশাল অপরাধ সাম্রাজ্যের উত্থানের গল্প। যশের সাথে এই ছবিতে পর্দা শেয়ার করবেন নয়নতারা এবং কিয়ারা আদভানির মতো তারকারা। তবে ‘টক্সিক’ সিনেমাটিও ধর্মীয় বিতর্কের হাত থেকে রেহাই পায়নি। সিনেমার টিজারে সেন্ট মাইকেল দ্য আর্চেঞ্জেল এর উপস্থিতিতে কিছু দৃশ্য নিয়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের একটি সংস্থা আপত্তি জানিয়েছে। তারা দাবি করেছে, এই দৃশ্যগুলো তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে এবং সেগুলো সরিয়ে ফেলার দাবি তুলেছে।
সব মিলিয়ে রণবীর সিংয়ের দুর্ধর্ষ অ্যাকশন আর যশের গ্যাংস্টার ড্রামা দুটি ছবিই এখন আলোচনার তুঙ্গে। যদিও দুটি সিনেমার টিজার নিয়ে ভক্তদের প্রতিক্রিয়া কিছুটা মিশ্র ছিল, তবুও বড় পর্দায় এই দুই মহাতারকার লড়াই দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে দর্শক। আগামী মাসে ১৯ তারিখেই বোঝা যাবে, শেষ পর্যন্ত কার দখলে থাকে বক্স অফিসের রাজত্ব।
সুত্রঃ এনডিটিভি

