লাইফ সাপোর্টে কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার

গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। হেপাটাইটিস এ ও ই-তে আক্রান্ত হয়ে তার লিভার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
আজ শনিবার বিষয়টি নিশ্চিত করেন কনটেন্ট ক্রিয়েটর কামরুন নাহার ডানা, যিনি ‘ডানা ভাই জোশ’ নামে পরিচিত।
সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছিলেন কারিনা কায়সার। কয়েকদিন আগে হঠাৎ অচেতন হয়ে পড়লে তাকে দ্রুত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।
চিকিৎসকদের বরাত দিয়ে তিনি জানান, কারিনা হেপাটাইটিস এ ও ই-তে আক্রান্ত হয়েছেন। এতে তার লিভার গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রথমে তাকে আইসিইউতে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হওয়ায় পরে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
ডানা তার পোস্টে আরও উল্লেখ করেন, উন্নত চিকিৎসার জন্য কারিনাকে ভারতে নেওয়ার চেষ্টা করছে তার পরিবার। একই সঙ্গে সবার কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তিনি। প্রয়োজনে সহায়তার বিষয়ে পরে জানানো হবে বলেও উল্লেখ করেছেন।
সামাজিক মাধ্যমে হাস্যরসাত্মক কনটেন্ট তৈরি করে পরিচিতি পাওয়া কারিনা কায়সার অভিনয়ও করেছেন। পরিচালক রেজাউর রহমান পরিচালিত ৩৬-২৪-৩৬ ওয়েব ফিল্মে তাকে দেখা গেছে।
কারিনা কায়সারের পরিবারও দেশের পরিচিত অঙ্গনের সঙ্গে যুক্ত। তার দাদি রানি হামিদ বাংলাদেশের কিংবদন্তি দাবাড়ু। বাবা কায়সার হামিদ জাতীয় দলের সাবেক ফুটবলার এবং মা শাহনাজ সুলতানা কায়সার একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।




