‘সুবেদার’ এর টিজারে দুর্দান্ত লুকে অনিল কাপুর

সুবেদার লুকে অনিল কাপুর
বয়স যে কেবল একটি সংখ্যা মাত্র, তা আবারও প্রমাণ করলেন বলিউড মেগাস্টার অনিল কাপুর। ১১ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে তাঁর আসন্ন অ্যাকশন ড্রামা ‘সুবেদার’ এর প্রথম টিজার। যেখানে অনিল কাপুরকে দেখা যাচ্ছে এক রুক্ষ, বিধ্বংসী এবং রাগী রূপে। আগামী ৫ মার্চ থেকে ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায় সিনেমাটি স্ট্রিমিং শুরু হবে।
সুরেশ ত্রিবেণী পরিচালিত এই সিনেমার গল্প আবর্তিত হয়েছে প্রাক্তন সৈনিক অর্জুন মৌর্যকে ঘিরে। দেশের হয়ে সীমান্তে লড়াই করার পর সিভিলিয়ান বা সাধারণ নাগরিক হিসেবে জীবন কাটানো যে কতটা কঠিন হতে পারে, তাই ফুটে উঠবে এই ছবিতে। সিনেমার বর্ণনা অনুযায়ী, সুবেদার অর্জুন মৌর্যকে একদিকে নিজের মেয়ের সাথে তিক্ত সম্পর্কের টানাপোড়েন সামলাতে হচ্ছে, অন্যদিকে সমাজের দুর্নীতি ও অবক্ষয়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হচ্ছে। ঘর ও পরিবারকে বাঁচাতে এবার তাঁকে লড়াই করতে হবে নিজের দেশের ভেতরের শত্রুদের বিরুদ্ধে।
টিজারের শেষে অনিল কাপুরের একটি মারকুটে দৃশ্য দর্শকদের নজর কেড়েছে, যেখানে তাঁকে প্রচণ্ড রাগে এক ব্যক্তির মাথা দেয়ালে ঠুকে দিতে দেখা যায়। গত সপ্তাহে সিনেমাটির একটি পোস্টারও বেশ চর্চায় এসেছিল, যেখানে অনিলের রক্তাক্ত হাতের আঙুলের গাঁটে ‘এফকে ’ অক্ষর দুটি লেখা ছিল এবং সতর্কবাণী দেওয়া হয়েছিল “সুবেদারের সঙ্গে পাঙ্গা নিও না।” প্রাইম ভিডিও টিজারটি শেয়ার করে লিখেছে, “তারা ভুল মানুষের সাথে পাঙ্গা নিয়েছে!”
অনিল কাপুর ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রাধিকা মদান, সৌরভ শুক্লা, মোনা সিং এবং আদিত্য রাওয়াল। ওপেনিং ইমেজ ফিল্মস এবং অনিল কাপুর ফিল্ম অ্যান্ড কমিউনিকেশন নেটওয়ার্কের ব্যানারে নির্মিত এই সিনেমাটি নিয়ে অ্যাকশন প্রেমীদের মাঝে এখন তুমুল উত্তেজনা।
সুত্রঃ এনডিটিভি

