আগামীর সময়

তাহলে কি তৃষার সঙ্গে প্রেম বিজয়ের?

তাহলে কি তৃষার সঙ্গে প্রেম বিজয়ের?

অভিনেত্রী তৃষা কৃষ্ণান এবং অভিনেতা থালাপতি বিজয়

​তামিল সিনেমার ‘থালাপতি’খ্যাত সুপারস্টার বিজয়ের সাজানো সংসারে কি তবে ঝোড়ো হাওয়া বইছে? গত শুক্রবার থেকে দক্ষিণ ভারতীয় সিনেমাপাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বিজয় ও তার স্ত্রী সঙ্গীতার ডিভোর্সের খবর। দীর্ঘ ২৭ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে চলেছেন তারা, এমন খবরে রীতিমতো হতবাক ভক্তরা। তবে সবচেয়ে বড় বোমাটি ফাটিয়েছেন সঙ্গীতা নিজে। তার অভিযোগ বিজয় এক অভিনেত্রীর সঙ্গে ‘পরকীয়া’ সম্পর্কে জড়িয়েছেন।

ডিভোর্স পিটিশনে সঙ্গীতা কোনো নির্দিষ্ট নাম উল্লেখ না করলেও ইন্টারনেটে নেটিজেনরা আঙুল তুলছেন জনপ্রিয় নায়িকা তৃষা কৃষ্ণানের দিকে। বিজয় ও তৃষার অফস্ক্রিন রসায়ন নিয়ে গুঞ্জন আজকের নয়, সেই ২০০৪ সাল থেকে। গত বছর ‘লিও’ সিনেমায় এই জুটির পুনর্মিলন সেই গুঞ্জনের আগুনে যেন নতুন করে ঘি ঢেলেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এখন চলছে চুলচেরা বিশ্লেষণ তৃষার কারণেই কি ঘর ভাঙছে বিজয়ের?

২০০৪ সালে ‘গিলি’ সিনেমার পর থেকেই বিজয় তৃষার প্রেম নিয়ে তামিল ইন্ডাস্ট্রিতে কানাঘুষা চলত। শোনা যায়, তৎকালীন সময়ে বিজয়ের পরিবার থেকে তৃষার সঙ্গে কাজ করতে নিষেধ করা হয়েছিল। দীর্ঘ দেড় দশক তারা একসঙ্গে কোনো কাজ করেননি। কিন্তু সাম্প্রতিক সময়ে তাদের ঘনিষ্ঠতা এবং সঙ্গীতার এই বিস্ফোরক অভিযোগ এখন সবকিছুকে নতুন করে সামনে নিয়ে এসেছে।

ভক্তরা এখন দুই ভাগে বিভক্ত। একদল বিজয়ের স্ত্রী সঙ্গীতার পাশে দাঁড়িয়ে বিজয়ের নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলছেন। অন্যদল মনে করছেন, তৃষাকে অহেতুক এই বিতর্কে জড়ানো হচ্ছে। এদিকে বিজয়ের ছেলে জেসন সঞ্জয় বাবাকে ইনস্টাগ্রামে আনফলো করেছেন বলেও খবর পাওয়া যাচ্ছে, যা পারিবারিক অশান্তির মাত্রা আরও স্পষ্ট করে তুলছে।

​বিজয় বর্তমানে তার রাজনৈতিক ক্যারিয়ার এবং আসন্ন সিনেমা ‘জনা নায়াগান’ নিয়ে ব্যস্ত। ডিভোর্স বা তৃষার সঙ্গে সম্পর্কের বিষয়ে এখনো মুখ খোলেননি এই তারকা। এখন দেখার বিষয়, আগামী ২০ এপ্রিল আদালতের শুনানিতে এই রহস্যের জট কতটুকু খোলে।


সূত্র   নিউজ ১৮ 

    শেয়ার করুন: