২০২৭ সালের সুপার বোল মাতাবে কে?

টিম বিটিএস
ক্যালিফোর্নিয়ার লেভিস স্টেডিয়ামে 'ব্যাড বানি'র সেই ঐতিহাসিক পারফরম্যান্সের রেশ এখনো কাটেনি। প্রথম লাতিন একক শিল্পী হিসেবে সম্পূর্ণ স্প্যানিশ ভাষায় সুপার বোল মাতিয়ে ইতিহাস গড়েছেন এই পুয়ের্তো রিকান তারকা। কিন্তু সেই রেশ কাটার আগেই এখন বিশ্বজুড়ে চর্চা শুরু হয়েছে ২০২৭ সালের সুপার বোল নিয়ে। কে হবেন আগামী বছরের হাফটাইম শো এর মূল আকর্ষণ? এই প্রশ্নেই এখন সরগরম বিনোদন দুনিয়া।
২০২৭ সালের ১৪ ফেব্রুয়ারি ক্যালিফোর্নিয়ার ইঙ্গলউডের সোফাই স্টেডিয়ামে বসতে যাচ্ছে সুপার বোল ৬১ এর আসর। সম্প্রতি বিশ্বখ্যাত মিউজিক ম্যাগাজিন ‘বিলবোর্ড’ একটি জনমত জরিপ চালিয়েছে, যেখানে উঠে এসেছে চমকপ্রদ তথ্য। জরিপের ফলাফল অনুযায়ী, সবচেয়ে এগিয়ে আছে কোরিয়ান পপ সেনসেশন বিটিএস। প্রায় ৮৫ শতাংশেরও বেশি ভোট পেয়ে তালিকার শীর্ষে রয়েছে এই দলটি। সম্প্রতি বিরতি কাটিয়ে বিটিএস সদস্যরা পুনরায় একত্রিত হয়েছেন এবং তাঁদের আসন্ন অ্যালবাম ‘আরিরাং’ ও বিশ্ব সফরের ঘোষণা ভক্তদের মনে আশা জাগিয়েছে যে, ২০২৭ এর সুপার বোল মঞ্চে তাঁদের দেখা পাওয়ার সম্ভাবনা প্রবল।
বিটিএস এর পাশাপাশি তালিকায় নাম রয়েছে আরেক জনপ্রিয় কে পপ গার্ল গ্রুপ ব্ল্যাকপিঙ্ক এর। তারা পেয়েছেন ৩.৬৭ শতাংশ ভোট। তবে প্রতি বছরের মতো এবারও আলোচনায় উঠে এসেছে পপ সম্রাজ্ঞী টেইলর সুইফট এর নাম। যদিও তিনি মাত্র ২.০১ শতাংশ ভোট পেয়েছেন, তবে তাঁর জনপ্রিয়তা নিয়ে কোনো প্রশ্ন নেই। মজার বিষয় হলো, টেইলর আগেই জানিয়েছিলেন যে তাঁর হবু বর ট্রাভিস কেলসি যতক্ষণ এনএফএল এ খেলছেন, ততক্ষণ তিনি এই মঞ্চে পারফর্ম করবেন না। সম্প্রতি জিমি ফ্যালনের শো তে রসিকতা করে টেলর বলেন, “আমি কি ভাবতে পারি যে সে প্রতি সপ্তাহে মাঠে জীবন বাজি রেখে খেলছে, আর আমি তখন বসে কোরিওগ্রাফি নিয়ে চিন্তা করছি?”
এই তিন বড় নামের বাইরেও ভক্তদের পছন্দের তালিকায় রয়েছেন পোস্ট ম্যালোন, মাইলি সাইরাস, জাস্টিন বিবার, হ্যারি স্টাইলস এবং ড্রেক এর মতো তারকারা। যদিও আনুষ্ঠানিকভাবে এখনো কারও নাম ঘোষণা করা হয়নি, তবে বিটিএস এর বিশাল ভোট সংখ্যা ইঙ্গিত দিচ্ছে যে ২০২৭ সালে হয়তো কোনো কোরিয়ান ঝড়ের সাক্ষী হতে যাচ্ছে সুপার বোল মঞ্চ।

