মারা গেলেন সালসা সংগীতের কিংবদন্তি উইলি কোলন

বিশ্বখ্যাত সংগীতশিল্পী উইলি কোলন
নিউ ইয়র্কের সালসা আন্দোলনের পথিকৃৎ ও বিশ্বখ্যাত সংগীতশিল্পী উইলি কোলন গত শনিবার সকালে শেষনিশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। শিল্পীর পরিবারের পক্ষ থেকে তার অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
১৯৫০ সালে নিউ ইয়র্কের ব্রঙ্কসে জন্ম নেওয়া এই প্রতিভাবান শিল্পী মাত্র ১৬ বছর বয়সে তার প্রথম অ্যালবাম ‘এল ম্যালো’ প্রকাশের মাধ্যমে সংগীতজীবন শুরু করেন। কিংবদন্তি কণ্ঠশিল্পী হেক্টর লাভোর সঙ্গে তার জুটি ল্যাটিন সংগীতকে বিশ্বব্যাপী এক অনন্য উচ্চতায় নিয়ে যায়। বিশেষ করে ১৯৬৯ সালে প্রকাশিত তাদের ‘চে চে কোলে’ গানটি সালসা সংগীতের ইতিহাসে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হয়। লাভোর পাশাপাশি তিনি রুবেন ব্লেডস এবং সেলিয়া ক্রুজের মতো কিংবদন্তি শিল্পীদের সঙ্গেও কাজ করেছেন।
দীর্ঘ ও বর্ণাঢ্য কর্মজীবনে উইলি কোলন ৪০টিরও বেশি অ্যালবাম উপহার দেন। বিশ্বব্যাপী তার রেকর্ড বিক্রি হয়েছে ৮০ লাখেরও বেশি। তিনি আটবার গ্র্যামি পুরস্কারের জন্য মনোনীত হন এবং অর্জন করেন পাঁচটি প্ল্যাটিনাম ও নয়টি গোল্ড রেকর্ড যা তার জনপ্রিয়তা ও প্রভাবের সাক্ষ্য বহন করে।
সংগীতের বাইরেও তিনি ছিলেন একজন একনিষ্ঠ সমাজকর্মী ও রাজনৈতিক সংগঠক। ল্যাটিনো জনগোষ্ঠীর অধিকার আদায়ে তিনি সব সময় সোচ্চার ছিলেন এবং নিউ ইয়র্কের রাজনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
অভিনয়েও তিনি নিজের উপস্থিতি জানান দেন। জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘মিয়ামি ভাইস’ এবং চলচ্চিত্র ‘দ্য লাস্ট ফাইট’ এ তাকে অভিনয় করতে দেখা গেছে।
তার মৃত্যুতে বিশ্বজুড়ে ল্যাটিন সংগীতপ্রেমীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
সূত্র: ভ্যারাইটি

