বাফটা ২০২৬ এর মঞ্চ মাতালো ‘কে পপ ডেমন হান্টার্স’

বাফটা ফিল্ম অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের মঞ্চে কে পপ ডেমন হান্টার্স
সাধারণত বাফটা অ্যাওয়ার্ডস মানেই ট্রফি আর আবেগঘন সব বক্তৃতার ছড়াছড়ি। তবে এবারের চিত্রটা ছিল একেবারেই ভিন্ন। লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে অনুষ্ঠিত ২০২৬ সালের বাফটা ফিল্ম অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে মঞ্চে আগুন ঝরালেন নেটফ্লিক্সের অ্যানিমেটেড মিউজিক্যাল ‘কে- পপ ডেমন হান্টার্স’ এর পেছনের তিন কণ্ঠশিল্পী।
কাল্পনিক কে-পপ ব্যান্ড হান্টার এক্স এর সদস্য হিসেবে ইজে, অড্রে নুনা এবং রেই আমি তাঁদের বিশ্বকাঁপানো গান ‘গোল্ডেন’ পরিবেশন করেন। লাল, বাদামী এবং সোনালী রঙের পোশাকে সজ্জিত এই ত্রয়ী যখন পারফর্ম করছিলেন, তখন পুরো হল রুম যেন এক কনসার্টে পরিণত হয়েছিল। অভিনেতা চেজ ইনফিনিটিসহ দর্শকসারিতে থাকা তারকাদেরও গানের তালে তাল মেলাতে দেখা যায়। যুক্তরাষ্ট্রের বাইরে এই গানটির প্রথম লাইভ পারফরম্যান্স হিসেবে এটি ছিল এক ঐতিহাসিক মুহূর্ত।
পারফরম্যান্স শেষে এই শিল্পী ত্রয়ী জানান, “বাফটার মতো মঞ্চে পারফর্ম করা আমাদের জন্য একটি স্বপ্ন সত্যি হওয়ার মতো মুহূর্ত। নেটফ্লিক্সের ‘কে-পপ ডেমন হান্টার্স’ এর প্রতিনিধিত্ব করতে পেরে এবং এর ইতিবাচক বার্তা সারা বিশ্বে ছড়িয়ে দিতে পেরে আমরা গর্বিত।”
মজার বিষয় হলো, সিনেমার গান বাফটার মঞ্চ মাতালেও মূল চলচ্চিত্রটি কিন্তু এবার প্রতিযোগিতার দৌড়ে ছিল না। ব্রিটিশ অ্যাকাডেমি জানিয়েছে, সিনেমাটি থিয়েটার রিলিজের সঠিক শর্ত পূরণ না করায় এটি বাফটা পুরস্কারের জন্য যোগ্য বলে বিবেচিত হয়নি। নেটফ্লিক্স এ বিষয়ে আপিল করলেও তা খারিজ হয়ে যায়। তবে বাফটার নির্বাহী পরিচালক এমা বেহর স্বীকার করেছেন যে, বিশ্বজুড়ে দর্শকদের মনে এই সিনেমাটির প্রভাব অনস্বীকার্য।
ম্যাগি কাং এবং ক্রিস অ্যাপেলহ্যান্স পরিচালিত এই মিউজিক্যাল ড্রামাটি ইতিমধ্যেই নেটফ্লিক্সের ইতিহাসে সবচেয়ে বেশি দেখা অ্যানিমেটেড ফিচারে পরিণত হয়েছে। শুধু তাই নয়, আসন্ন অস্কার বা অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে এটি ‘সেরা অ্যানিমেটেড ফিচার’ এবং ‘সেরা মৌলিক গান’ বিভাগে মনোনয়ন পেয়েছে। সম্প্রতি অ্যানি অ্যাওয়ার্ডসেও সেরা ফিচারসহ ১০টি ক্যাটাগরিতে পুরস্কার জিতে বাজিমাত করেছে এই ছবি।
গত বছরের বিশ্বজুড়ে সর্বাধিক স্ট্রিম হওয়া গান ‘গোল্ডেন’ এখন অস্কার জয়ের দৌড়ে কতদূর এগোয়, সেটাই এখন দেখার বিষয়।
সুত্রঃ নিউজ ১৮

