কোন কোন সিনেমা আসতে চলেছে ঈদে

ঢাকাই সিনেমা ইন্ডাস্ট্রির জন্য ঈদ একটা গুরুত্বপূর্ণ সময়। ঈদের সময়ে যেন চাঙ্গা হয়ে ওঠে সিনেমা ইন্ডাস্ট্রি। কয়েক বছর ধরেই চলছে এ চিত্র। বছরের অন্য সময় প্রেক্ষাগৃহে দর্শক টানতে হিমশিম খেলেও দুই ঈদ ঘিরে তৈরি হয় অন্য রকম উন্মাদনা। সেই উন্মাদনা এবার যেন রেকর্ড করতে চলেছে। মুক্তির ঘোষণায় আছে ১২টি সিনেমা।
ঈদ এর সেরা চমক শাকিব খানের সিনেমা। বরাবরের মতো এই ঈদেও ভক্তদের জন্য নিয়ে আসছেন ‘প্রিন্স’। নাম ঘোষণার পর থেকেই শাকিব ভক্তদের মধ্যে ছবিটি নিয়ে প্রবল আগ্রহ। নব্বইয়ের দশকের অপরাধজগতের পটভূমিতে তৈরি ‘প্রিন্স’ এ ঢাকার গ্যাংস্টার সংস্কৃতির একটি অধ্যায় তুলে ধরার চেষ্টা করা হবে।
ঈদ উৎসবে দেখা যাবে আরেফিন শুভর নতুন ছবি ‘মালিক’। সাইফ চন্দনের পরিচালনায় এ ছবিতে শুভর বিপরীতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম।
‘বরবাদ’ বানিয়ে আলোচনায় আসেন পরিচালক মেহেদী হাসান। এবার ঈদে নিয়ে আসছে ‘রাক্ষস’। ছবিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও কলকাতার সুস্মিতা চট্টোপাধ্যায়। পরিচালক জানান, ‘বরবাদ’ সিনেমার মতো ‘রাক্ষস’ এও ভরপুর অ্যাকশন, ভায়োলেন্স থাকবে।
এছাড়াও থ্রিলার ঘরানার ছবি ‘দুর্বার’ দিয়ে প্রথমবারের মতো পর্দায় জুটি হচ্ছেন আবদুন নূর সজল ও অপু বিশ্বাস। ছবিটি বানিয়েছেন কামরুল হাসান ফুয়াদ।
চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতনের একটি মর্মান্তিক ঘটনাকে উপজীব্য করে তৈরি হয়েছে ‘ট্রাইব্যুনাল’। নির্মাতা রায়হান খানের ছবিটিতে অভিনয় করেছেন আদর আজাদ, নুসরাত ফারিয়া, মৌসুমী হামিদ, তানিয়া বৃষ্টি প্রমুখ।
পারিবারিক ও মনস্তাত্ত্বিক টানাপোড়েনের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘প্রেশার কুকার’। পরিচালক রায়হান রাফী ও প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম সূত্রে জানা গেছে, এ সিনেমার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, এতে প্রচলিত অর্থে কোনো নায়ক নেই। নারী চরিত্রদের ঘিরে আবর্তিত হবে পুরো গল্প।সিনেমাটির কেন্দ্রীয় চার চরিত্রে অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, মারিয়া শান্ত ও স্নিগ্ধা চৌধুরী।
গতবছর ‘উৎসব’ বানিয়ে সবাইকে চমকে দেন পরিচালক তানিম নূর। এবার ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে আসছেন তিনি। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে ছবিটি তৈরি হচ্ছে। চিত্রা নামের এক মেয়ের এক দিনের ট্রেন জার্নির অভিজ্ঞতা নিয়ে সিনেমার কাহিনি। ছবিতে চিত্রা চরিত্রে অভিনয় করেছেন সাবিলা নূর। আরও আছেন শরীফুল রাজ, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, বাঁধন, মম প্রমুখ।
মুক্তির তালিকায় আছে আলোচিত চিত্রনায়িকা পরীমনির সিনেমাও। ‘ডোডোর গল্প’ নামে ছবিটি বানিয়েছেন রেজা ঘটক। সরকারি অনুদানের এ সিনেমায় পরীমনিকে দেখা যাবে সংগ্রামী মায়ের চরিত্রে।
এর বাইরে মুক্তির তালিকায় আছে রাশিদ পলাশের ‘রঙবাজার’। এতে উঠে এসেছে ৪০০ বছরের পুরোনো একটি যৌনপল্লি এক রাতেই গুঁড়িয়ে দেওয়ার গল্প। অভিনয় করেছেন শম্পা রেজা, তানজিকা আমিন, নাজনীন হাসান চুমকি, মৌসুমী হামিদ প্রমুখ।
আদর আজাদ ও শবনম বুবলী অভিনীত ‘পিনিক’ গত রোজার ঈদেই মুক্তির কথা ছিল। পরে কোরবানির ঈদ, দুর্গাপূজা নানা উপলক্ষে মুক্তির পরিকল্পনা করা হলেও প্রেক্ষাগৃহ পর্যন্ত পৌঁছাতে পারেনি ছবিটি। এবার ঈদেও সিনেমাটি মুক্তির ঘোষণা দিয়েছেন নির্মাতা জাহিদ জুয়েল। ববি অভিনীত ছবি ‘তছনছ’ও মুক্তির কথা রয়েছে। বদিউল আলম খোকন পরিচালিত এ সিনেমার নায়ক মুন্না খান।

