আগামীর সময়

ফেনীর অগ্নিকাণ্ডের ভিডিও, রাজনৈতিক সহিংসতার দাবি বিভ্রান্তিকর

ফেনীর অগ্নিকাণ্ডের ভিডিও, রাজনৈতিক সহিংসতার দাবি বিভ্রান্তিকর

ছবিঃ আগামীর সময়

গত ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় ফেনী জেলার সদর উপজেলার বিরিঞ্চি এলাকায় খন্দকার বাড়িতে অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে যায়। এ ঘটনার একটি ভিডিও পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে ভিডিওটি ভিন্ন ভিন্ন রাজনৈতিক দাবির সাথে যুক্ত করে বিভ্রান্তিকরভাবে প্রচার করা হয়।


সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্টে দাবি করা হয়, রংপুরে বিএনপি নেতার বাড়িতে এনসিপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীরা আগুন দিয়েছে। আবার অন্য একটি পোস্টে দাবি করা হয়, বিএনপির সন্ত্রাসীরাই আগুন লাগিয়েছে।  


দেখুন:   এখানে  এখানে


তবে যাচাই করে দেখা যায়, এসব দাবির সাথে বাস্তব ঘটনার কোনো মিল নেই। প্রচারিত ভিডিওটির রিভার্স ইমেজ সার্চ করে ফেসবুকে Nishad Adnan নামের একটি অ্যাকাউন্টে মূল ভিডিওটি পাওয়া যায়। ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত ওই ভিডিওর ক্যাপশনে উল্লেখ করা হয়, “আমাদের বাড়িতে ভাতিজা মুন্নার নতুন ঘরে আগুন লেগে সব শেষ। নগদ কয়েক লাখ টাকা সহ লাখ লাখ টাকার জিনিস আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।”


ভিডিওটি দেখুন:  এখানে


অনুসন্ধানে জানা যায়, নিশাদ আদনান একই বাড়ির বাসিন্দা এবং স্থানীয় সংবাদমাধ্যম ‘দৈনিক ফেনী’-এর একজন সাংবাদিক। ঘটনার বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “এটি আমাদের বাড়ির ঘটনা। রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এখানে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা নেই।”


এছাড়া, কী-ওয়ার্ড সার্চ করে স্থানীয় সংবাদমাধ্যম দৈনিক ফেনীতে প্রকাশিত একটি প্রতিবেদনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য মুন্নার সাক্ষাৎকার পাওয়া যায়। তিনি বলেন, “সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে আমাদের এখানে আগুন লাগে। চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। আমরা কিছুই বাঁচাতে পারিনি, সব পুড়ে গেছে।”


ভিডিওটি দেখুন: এখানে


উপরে উল্লেখিত তথ্যপ্রমাণ থেকে নিশ্চিত হওয়া যায়, ফেনীর এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো রাজনৈতিক সহিংসতার সংশ্লিষ্টতা নেই। রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হলেও, ভিডিওটি ভিন্ন ভিন্ন রাজনৈতিক দাবি যুক্ত করে বিভ্রান্তিকরভাবে প্রচার করা হয়েছে। অর্থাৎ, বিএনপি বা জামায়াতের নির্বাচনি সহিংসতার দাবিতে প্রচারিত ভিডিওটি ভুয়া ও বিভ্রান্তিকর।

    শেয়ার করুন: