তন্বীকে নিয়ে লোন মওকুফের ভাঙচুর ‘নাটক’- দাবিটি সত্য নয়

ছবিঃ আগামীর সময়
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ব্যাংক লোন মওকুফ ও বীমার টাকা ক্ষতিপূরণ হিসেবে পেতে উত্তরার আউটলেটে তন্বীর ভাংচুর নাটক!’ শীর্ষক একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে, যা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে।
অনুসন্ধানে জানা যায়, নারী উদ্যোক্তা রুবাইয়াত ফাতিমা তনির নামে প্রচারিত এ দাবির কোনো সত্যতা নেই।
প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার (ব্যঙ্গাত্মক) ফেসবুক পেজের পোস্টকে বাস্তব ঘটনা হিসেবে উপস্থাপন করে তা ভাইরাল করা হয়েছে।
এ বিষয়ে যাচাই করে মূলধারার গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য কোনো সূত্রে উল্লিখিত ঘটনার পক্ষে কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি।
আরও অনুসন্ধানে দেখা যায়, ‘C16 Archive’ নামের একটি ফেসবুক পেজ থেকে গত ১৮ মার্চ প্রথম এই দাবিটি ফটোকার্ড আকারে প্রকাশ করা হয়। পেজটির বায়োতে নিজেদের “independent investigative platform” হিসেবে উল্লেখ করা হলেও, নিয়মিতই তারা তথ্যপ্রমাণহীন ও ব্যঙ্গধর্মী পোস্ট প্রকাশ করে থাকে।
পেজটির কনটেন্ট বিশ্লেষণে স্পষ্ট হয়, এটি একটি স্যাটায়ারধর্মী প্ল্যাটফর্ম- যেখানকার পোস্টগুলো বাস্তব ঘটনা নয়, বরং ব্যঙ্গাত্মকভাবে তৈরি।
সুতরাং, ‘ব্যাংক লোন মওকুফ ও বীমার ক্ষতিপূরণ পেতে তন্বীর ভাঙচুর নাটক’-এই দাবিটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।

