প্রধানমন্ত্রী তারেক রহমানের নামে ‘শেখ হাসিনাকে ফিরিয়ে আনা’ মন্তব্যের দাবিটি ভুয়া

ফ্যাক্টচেক ডেস্ক
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ভাইরাল হয়েছে, যেখানে বলা হয়েছে- ‘শেখ হাসিনার মতো অভিজ্ঞ নেত্রীকে জনগণের প্রয়োজনে ফিরিয়ে আনা হবে’- এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফটোকার্ডটি অনেকেই সত্য সংবাদ ভেবে শেয়ার করছেন।
তথ্য যাচাই করা হলে দেখা যায়, তারেক রহমানের এমন কোনো মন্তব্যের সত্যতা নেই। দাবিটির পক্ষে কোনো নির্ভরযোগ্য সূত্র, মূলধারার সংবাদমাধ্যমের প্রতিবেদন বা আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। প্রাসঙ্গিক কি-ওয়ার্ড ব্যবহার করে অনুসন্ধান চালিয়েও দাবিটির সত্যতা নিশ্চিত করার মতো কোনো তথ্য পাওয়া যায়নি।
অনুসন্ধানে আরও জানা যায়, যমুনা টিভির ফটোকার্ডের আদলে তৈরি ‘লালমাইয়া টিভি’ নামের একটি ফেসবুক পেজে গত ১৮ ফেব্রুয়ারি প্রথম এই ফটোকার্ডটি প্রকাশ করা হয়। পোস্টটি ব্যঙ্গাত্মক উদ্দেশ্যে প্রকাশ করা হলেও পরবর্তীতে সেটিকে প্রকৃত সংবাদ দাবি করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।
পেজটির বর্ণনা পর্যালোচনায় দেখা যায়, এটি একটি স্যাটায়ারধর্মী পেজ এবং সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, পেজটি শুধুমাত্র বিনোদনের জন্য পরিচালিত হয় এবং সমসাময়িক বিষয়গুলো সারকাজম বা ব্যঙ্গের মাধ্যমে উপস্থাপন করা হয়। পেজটিতে একই ধরনের আরও অনেক ব্যঙ্গাত্মক পোস্টও রয়েছে।
সুতরাং , ‘শেখ হাসিনাকে জনগণের প্রয়োজনে ফিরিয়ে আনার’ বিষয়ে তারেক রহমান মন্তব্য করেছেন- এমন দাবিটি ভিত্তিহীন। এটি একটি ব্যঙ্গাত্মক ফেসবুক পেজে প্রকাশিত কনটেন্ট, যা পরবর্তীতে ভুলভাবে সত্য সংবাদ হিসেবে প্রচারিত হয়েছে।

