‘রাষ্ট্রপতিকে এইভাবে অপমান করা জামায়াতের উচিৎ হয়নি’- বলেননি ফখরুল

ছবিঃ আগামীর সময়
সম্প্রতি, “রাষ্ট্রপতিকে এইভাবে অপমান করা জামায়াতের উচিৎ হয়নি” শিরোনামে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্য দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
তবে অনুসন্ধানে জানা যায়, আলোচিত মন্তব্যটি তিনি করেননি। প্রকৃতপক্ষে, একটি ফেসবুক পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে উদ্ভূত দাবিটিকে তার আসল বক্তব্য হিসেবে প্রচার করা হয়েছে।
ফটোকার্ডটি বিশ্লেষণ করে এতে কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র পাওয়া যায়নি। পাশাপাশি প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করেও মূলধারার গণমাধ্যম বা বিশ্বাসযোগ্য কোনো সূত্রে এই দাবির পক্ষে তথ্য মেলেনি।
অনুসন্ধানে আরও জানা যায়, ‘আশার আলো’ নামের একটি ফেসবুক পেজ থেকে গত ১২ মার্চ ফটোকার্ডটি প্রথম পোস্ট করা হয়। পেজটির বায়োতে উল্লেখ রয়েছে, এটি মূলত ভাইরাল ও ট্রেন্ডিং বিষয়গুলো বিনোদনধর্মীভাবে প্রকাশ করে- যা এটিকে কোনো স্বীকৃত সংবাদমাধ্যম হিসেবে প্রতিষ্ঠা করে না।
এদিকে, গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণ চলাকালে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ‘ওয়াকআউট’ করে।
এ সময় তারা প্ল্যাকার্ড প্রদর্শন ও বিক্ষোভও করে। তবে এ ঘটনায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতিকে নিয়ে কোনো মন্তব্য করতে দেখা যায়নি। গণমাধ্যমেও এ ধরনের কোনো বক্তব্যের তথ্য প্রকাশ পায়নি।
সুতরাং, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘রাষ্ট্রপতিকে এইভাবে অপমান করা জামায়াতের উচিৎ হয়নি’- এমন মন্তব্য করেছেন বলে যে দাবি প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা।

