তামিম ইকবাল বিসিবি সভাপতি হওয়ার দাবিটি ভুয়া

ছবিঃ আগামীর সময়
এপ্রিল ফুল বা ‘অল ফুলস ডে’- মজার ছলে বোকা বানানোর এই দিনটি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্য ছড়ানোর অন্যতম উপলক্ষ হয়ে উঠেছে।
বিশেষ করে এবার দিবসটিকে ঘিরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে একাধিক ভুয়া দাবি ছড়িয়ে পড়ে, যা অনেক ব্যবহারকারী যাচাই না করেই সত্য হিসেবে গ্রহণ করেছেন।
বিশ্লেষণে দেখা যায়, ‘খেলার পাতা’ নামের তিনটি ফেসবুক পেজ থেকে দাবি করা হয়, সাবেক অধিনায়ক তামিম ইকবাল বিসিবির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন।
এসব পোস্টে বিপুল প্রতিক্রিয়া, শেয়ার ও মন্তব্য দেখা যায়, যার বেশিরভাগই দাবিটিকে সত্য ধরে নিয়ে করা।
তবে অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে, তামিম ইকবাল বিসিবির সভাপতি হননি। বিসিবির অফিসিয়াল তথ্য অনুযায়ী, বর্তমান সভাপতি মো. আমিনুল ইসলাম। এমন গুরুত্বপূর্ণ পরিবর্তন হলে তা দেশের মূলধারার গণমাধ্যমে গুরুত্বসহকারে প্রকাশ পাওয়ার কথা, কিন্তু এ বিষয়ে কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।
এ ছাড়া, বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন- এমন দাবিও সামাজিক মাধ্যমে ছড়ায়। যাচাই করে দেখা যায়, এ দাবিরও কোনো সত্যতা নেই। একইভাবে, মোহাম্মদ মিঠুনকে বিসিবির সহ-সভাপতি করা হয়েছে বলেও একটি ভুয়া তথ্য প্রচারিত হয়।
পোস্টগুলোর মন্তব্য বিশ্লেষণে স্পষ্ট হয়, এগুলো মূলত এপ্রিল ফুল উপলক্ষে মজার ছলে তৈরি করা হলেও অনেক ব্যবহারকারী সেই প্রেক্ষাপট না বুঝেই সেগুলো বাস্তব হিসেবে গ্রহণ করছেন এবং অন্যদের মাঝেও ছড়িয়ে দিচ্ছেন।
সুতরাং তামিম ইকবালকে নিয়ে মন্তব্যটি সঠিক নয়।

