জাহাঙ্গীর আলমের যুবলীগে পদ পাওয়ার খবর সঠিক নয়

ছবিঃ আগামীর সময়
সম্প্রতি, গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বাংলাদেশ আওয়ামী যুবলীগের দায়িত্ব পেয়েই নেতাকর্মীদের উদ্দেশ্যে জরুরি বার্তা দিয়েছেন- এমন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
তবে অনুসন্ধানে জানা যায়, জাহাঙ্গীর আলম বাংলাদেশ আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে নির্বাচিত হননি কিংবা এ ধরনের কোনো দায়িত্বও পাননি।
এ বিষয়ে মূলধারার গণমাধ্যম কিংবা আওয়ামী লীগ-সংশ্লিষ্ট কোনো নির্ভরযোগ্য সূত্রে এমন দাবির পক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি। পাশাপাশি, যুবলীগের ভেরিফায়েড ফেসবুক পেজেও এ সংক্রান্ত কোনো ঘোষণা বা তথ্যের অস্তিত্ব নেই।
ভাইরাল ভিডিওটি যাচাই করে দেখা যায়, এটি সাম্প্রতিক নয়। ‘ফিরবে আবার বীরের বেশে’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে ২০২৫ সালের ১০ সেপ্টেম্বর একই ভিডিওটি প্রকাশিত হয়েছিল।
ভিডিও বিশ্লেষণে আরও জানা যায়, এটি ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান-পরবর্তী সময়ে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে জাহাঙ্গীর আলমের একটি দিকনির্দেশনামূলক বক্তব্যের অংশ।
অর্থাৎ, পুরোনো ভিডিওকে নতুন দাবি হিসেবে প্রচার করা হয়েছে।
উল্লেখ্য, এর আগেও গত ফেব্রুয়ারিতে জাহাঙ্গীর আলমকে যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে- এমন একটি দাবি ছড়িয়েছিল, যা মিথ্যা ছিলো।
সবশেষে, প্রাপ্ত তথ্য-প্রমাণ অনুযায়ী নিশ্চিত হওয়া যায় জাহাঙ্গীর আলম যুবলীগের কোনো দায়িত্ব পাননি এবং ভাইরাল ভিডিওটি সাম্প্রতিক নয়; দাবিটি সম্পূর্ণ মিথ্যা।



