নামাজের সময় ভবন ধসে ৩৬ জন নিহতের দাবি ভুয়া, ঘটনাটি ইন্দোনেশিয়ার

ছবিঃ আগামীর সময়
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড শেয়ার করে দাবি করা হচ্ছে, নামাজের সময় ভবন ধসে ৩৬ জন নিহত হয়েছেন এবং আহত ৭৪ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে যাচাই করে দেখা গেছে, দাবিটি বিভ্রান্তিকর এবং ছবিটি বাংলাদেশের সাম্প্রতিক কোনো ঘটনার নয়।
ভাইরাল ছবিটি রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে অনুসন্ধান করলে আন্তর্জাতিক একাধিক সংবাদমাধ্যমে একই ছবি সম্বলিত প্রতিবেদন পাওয়া যায়। বার্তা সংস্থা রয়টার্স ২০২৫ সালের ৫ অক্টোবর প্রকাশিত এক প্রতিবেদনে ছবিটি ব্যবহার করে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, এটি ইন্দোনেশিয়ার পূর্ব জাভার সিদোরাজো শহরের আল-খোজিনি ইসলামিক বোর্ডিং স্কুলের (মাদ্রাসা) একটি দুর্ঘটনার দৃশ্য।
রয়টার্সের তথ্যমতে, ২০২৫ সালের ২৯ সেপ্টেম্বর শিক্ষার্থীরা নামাজ আদায়ের সময় একটি হলঘর ধসে পড়ে। ঘটনার পর উদ্ধারকারী দল ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালায়। ভাইরাল হওয়া ছবিটি মূলত সেই উদ্ধার অভিযানের সময় তোলা।
অতএব, সামাজিক মাধ্যমে প্রচারিত ফটোকার্ডের দাবি সঠিক নয়। ছবিটি বাংলাদেশের কোনো সাম্প্রতিক ঘটনার নয় এবং এর সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বা দেশের কোনো ঘটনার সম্পর্ক নেই। এটি ইন্দোনেশিয়ায় সংঘটিত একটি পুরোনো দুর্ঘটনার ছবি, যা ভুল প্রেক্ষাপটে ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।



