ইসরায়েলি ড্রোনের ভয় দেখানোর ভিডিও ফিলিস্তিনের নয়, লেবাননের কবরস্থানের

ছবিঃ আগামীর সময়
সম্প্রতি, ‘কবরস্থানে ফিলিস্তিনিদের ড্রোন দিয়ে ভয় দেখাচ্ছে ইসরায়েল’ দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
তবে অনুসন্ধানে জানা যায়, ভিডিওটি ফিলিস্তিনের নয়। প্রকৃতপক্ষে, এটি দক্ষিণ লেবাননের একটি ঘটনার ভিডিও। সেখানে কাফার কিলা এলাকার একটি কবরস্থানে প্রিয়জনদের দেখতে আসা শোকাহত মানুষদের ওপর একটি সন্দেহভাজন ইসরায়েলি ড্রোনকে নিচু দিয়ে উড়তে ও তাদের হয়রানি করতে দেখা যায়।
এ বিষয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার ফেসবুক পেজে গত ৫ ফেব্রুয়ারি প্রকাশিত একই ভিডিও পাওয়া গেছে। ভিডিওর তথ্য অনুযায়ী, ঘটনাটি লেবাননের, ফিলিস্তিনের নয়। তুরস্কের গণমাধ্যম সূত্রেও একই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
অর্থাৎ লেবাননের একটি ভিডিওকে ফিলিস্তিনের ঘটনা হিসেবে উপস্থাপন করে ‘ইসরায়েল কবরস্থানে ফিলিস্তিনিদের ড্রোন দিয়ে ভয় দেখাচ্ছে’ দাবি ছড়ানো হয়েছে, যা বিভ্রান্তিকর।

