নেপালের ঘটনার ভিডিও ছড়িয়ে বিএনপি নেতার নামে মারধরের ভুয়া দাবি

ছবিঃ আগামীর সময়
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দাবি করা হয়েছে, গায়ে ধাক্কা লাগাকে কেন্দ্র করে বিএনপির এক নেতা এক বৃদ্ধকে মারধর করছেন।
তবে অনুসন্ধানে দেখা যায়, দাবিটি সঠিক নয়। প্রচারিত ভিডিওটি বাংলাদেশের কোনো ঘটনার নয়; এটি নেপালের রাজধানী কাঠমান্ডুর একটি ঘটনার ভিডিও।
রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ‘The Nepali Fever’ নামের একটি ফেসবুক পেজে গত ১৭ ফেব্রুয়ারি প্রকাশিত একই ঘটনার একটি ভিডিও পাওয়া যায়। ক্যাপশন অনুযায়ী, কাঠমান্ডুর এক ব্যস্ত সড়কে এক গাড়িচালক পথচারীকে লাঞ্ছিত করেন।
পরবর্তীতে নেপালের একাধিক সংবাদমাধ্যমে এ ঘটনার বিস্তারিত প্রতিবেদন পাওয়া যায়। সেখানে উল্লেখ করা হয়, অভিযুক্ত ব্যক্তির নাম পারস বাম (৪২)। ঘটনার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে।
অতএব, বিএনপি নেতা কর্তৃক বাংলাদেশে এক বৃদ্ধকে মারধরের দাবিতে নেপালের একটি পুরোনো ভিডিও প্রচার করা হয়েছে, যা সম্পূর্ণ বিভ্রান্তিকর ও মিথ্যা।

