পুরোনো ভিডিও দিয়ে ঢাবি হল দখলের বিভ্রান্তিকর দাবি

ছবিঃ আগামীর সময়
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি মারধরের ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হল থেকে শিবির ও এনসিপি কর্মীদের বের করে দিয়ে হলের নিয়ন্ত্রণ নিচ্ছে ছাত্রদল। ভিডিওটি বিভিন্ন আইডি ও পেজ থেকে ছড়িয়ে পড়ে, যা রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করতে পারে।
তবে যাচাই করে দেখা গেছে, প্রচারিত দাবিটি সঠিক নয়।
অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি সাম্প্রতিক কোনো ঘটনার নয়। এটি ২০১৮ সালের একটি
ঘটনার ভিডিও। সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রী নিপীড়নের বিচারসহ চার দফা দাবিতে শিক্ষার্থীরা উপাচার্যকে অবরুদ্ধ করেন। পরবর্তীতে প্রতিবাদকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়। ভাইরাল ভিডিওটি ওই ঘটনারই অংশ।
ভিডিওটির ফ্রেম বিশ্লেষণ, পুরোনো সংবাদ প্রতিবেদন এবং সেই সময়ের প্রকাশিত ভিডিও ফুটেজের সঙ্গে মিলিয়ে দেখা যায়-ভাইরাল ক্লিপটি ২০১৮ সালের ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সাম্প্রতিক কোনো হল দখল বা ছাত্রদল-শিবির-এনসিপি সংশ্লিষ্ট ঘটনার প্রমাণ পাওয়া যায়নি।
অতএব, “ঢাবি হলে শিবির ও এনসিপিকে বের করে ছাত্রদল নিয়ন্ত্রণ নিচ্ছে”- এমন দাবিতে প্রচারিত ভিডিওটি বিভ্রান্তিকর।
তবে উল্লেখ্য, নির্বাচন পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনায় বিএনপির কিছু কর্মী-সমর্থক জড়িত থাকার খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। কিন্তু ভাইরাল ভিডিওটির সঙ্গে এসব সাম্প্রতিক ঘটনার কোনো সম্পর্ক নেই।

