হাতিয়ায় বিএনপি কর্মী নিহতের দাবি গুজব, ভাইরাল ছবি এআই তৈরি

ছবিঃ আগামীর সময়
সামাজিক যোগাযোগ মাধ্যমে “হাতিয়ায় বিএনপির কর্মী মারা যাওয়ার পর মুচকি হাসি দিচ্ছে” দাবিতে একটি ছবি ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
তবে অনুসন্ধানে দেখা যায়, দাবিটি বিভ্রান্তিকর।
যাচাই করে জানা গেছে, হাতিয়ায় বিএনপি ও হান্নান মাসউদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটলেও এতে কোনো বিএনপি কর্মী নিহত হওয়ার তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিএনপি কর্মী নিহত হওয়ার দাবিকে গুজব বলে নিশ্চিত করেন।
এদিকে আলোচিত ছবিটি প্রযুক্তিগতভাবে পরীক্ষা করে দেখা যায়, এটি এআই দিয়ে তৈরি বা সম্পাদিত। গুগলের এআই শনাক্তকরণ টুল 'সিন্থআইডি' ছবিটিকে এআই দ্বারা সম্পাদিত হিসেবে শনাক্ত করেছে।
অতএব, “হাতিয়ায় বিএনপি কর্মী নিহতের পর মুচকি হাসি” দাবিতে প্রচারিত ছবিটি ভুয়া এবং নিহতের দাবিটিও ভিত্তিহীন।

